আজ থেকেই দিল্লিতে ঢুকলেই কড়াকড়ি! বন্ধ পুরনো গাড়ি, পিইউসি না থাকলে মিলবে না পেট্রোল-ডিজেলও

শীতের আগমনীর সঙ্গেই দিল্লিতে বাতাসে বিষাক্ত ধোঁয়াশার দাপট বাড়তে শুরু করেছে। বায়ুদূষণের এই ভয়াবহ রূপ সামলাতে আজ, ১ নভেম্বর থেকে রাজধানীজুড়ে একগুচ্ছ কঠোর নতুন বিধিমালা জারি করল প্রশাসন। মূল লক্ষ্য একটাই—রাস্তায় যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ, নির্মাণকাজের ধুলোবালি আটকানো এবং যানজট কমিয়ে বাতাসের মান উন্নত করা।

এই নতুন নিয়মাবলীর সরাসরি প্রভাব পড়বে দিল্লি ও সংলগ্ন এলাকার নিত্যযাত্রী, গাড়িচালক, চাকরিজীবী ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। এক নজরে দেখে নিন কোন ৫টি বড় বদল আনা হয়েছে:

১. দিল্লিতে পুরনো গাড়ির প্রবেশ নিষিদ্ধ

দিল্লির বাইরে (যেমন নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ ও গাজিয়াবাদ) নথিভুক্ত যেসব গাড়ি BS-VI মানদণ্ড মেনে চলে না, সেগুলি ১ নভেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত দিল্লিতে প্রবেশ করতে পারবে না। মূলত পুরনো পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির ওপরেই এই কোপ পড়ছে। তবে ইলেকট্রিক যানবাহন (EV), সিএনজি চালিত গাড়ি এবং জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহনগুলোকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।

২. সরকারি ও বেসরকারি সংস্থায় ৫০% ‘ওয়ার্ক ফ্রম হোম’

যানজট ও বিষাক্ত ধোঁয়ার দাপট কমাতে দিল্লির সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে মোট কর্মীর মাত্র ৫০ শতাংশ অফিসে ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ (Work From Home) করবেন। অবশ্য হাসপাতাল, জরুরি পরিষেবা বা অত্যাবশ্যকীয় ক্ষেত্রের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।

৩. ‘নো পিইউসি, নো ফুয়েল’ (PUC না থাকলে মিলবে না জ্বালানি)

দিল্লির প্রতিটি পেট্রোল পাম্পে ‘নো পিইউসি, নো ফুয়েল’ নীতি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ বৈধ ‘পলিউশন আন্ডার কন্ট্রোল’ (PUC) সার্টিফিকেট না দেখালে পেট্রোল, ডিজেল বা সিএনজি—কোনো জ্বালানিই বিক্রি করা হবে না। নজরদারির জন্য শহরের প্রায় ৫০০টি পেট্রোল পাম্পে বসানো হয়েছে এএনপিআর (ANPR) ক্যামেরা, যা গাড়ির নম্বর প্লেট স্ক্যান করেই পলিউশন সার্টিফিকেটের তথ্য বলে দেবে।

৪. নির্মাণকাজ ও ভাঙচুরে কড়া নিষেধাজ্ঞা

১ নভেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বায়ুতে ধুলোবালি ছড়ায় এমন যে কোনো বহিরাঙ্গন নির্মাণকাজ বা বিল্ডিং ভাঙার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নির্দিষ্ট ছাড় মিলবে জরুরি সরকারি প্রকল্পে। ধুলো নিয়ন্ত্রণের নির্দেশিকা মেনে ঘরের ভেতরে প্লাগ-পয়েন্ট, প্লাম্বিং বা ইলেকট্রিকের কাজ চালানো যাবে।

৫. পার্কিং ফি বৃদ্ধি ও অফিসের সময়সূচিতে বদল

ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে পৌরসংস্থার অধীনস্থ পার্কিংগুলিতে ফি একলাফে দ্বিগুণ করা হয়েছে। তবে দিল্লি মেট্রোর (DMRC) পার্কিংয়ে পুরনো দরই বহাল থাকছে। এছাড়া যানজট এড়াতে অফিসের সময়সূচিও বদলে ফেলা হয়েছে—এমসিডি (MCD) অফিস চলবে সকাল ৮:৩০ থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত এবং দিল্লি সরকারের অফিস চলবে সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত।