আইফোনকেও টক্কর দেবে ভিভো? ২৬ নভেম্বর ভারতে আসছে এক্স৫০০ সিরিজ, ফাঁস হল চমকে দেওয়া দাম ও ফিচার!

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ এক্স৫০০ আগামী ২৬ নভেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। এই সিরিজে এক্স৫০০, এক্স৫০০ প্রো এবং এক্স৫০০ প্রো ম্যাক্স—এই তিনটি মডেল থাকছে। ফোনগুলির পাশাপাশি একই দিনে ওয়াচ জিটি ২ স্মার্টওয়াচও উন্মোচিত হওয়ার কথা রয়েছে। গত সেপ্টেম্বরে চীনে এবং অক্টোবরে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার পর এবার ভারতে আসার আগে ডিভাইসগুলির ডিজাইন ও স্পেসিফিকেশনের ঝলক সামনে আসছে। পাশাপাশি ফাঁস হওয়া সম্ভাব্য দাম নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়েছে; অনুমান সত্যি হলে এটি দেশের অন্যতম দামি ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে পরিণত হতে পারে।এক্স৫০০ প্রো এবং এক্স৫০০ প্রো ম্যাক্স মডেল দুটি অ্যাপেক্স অরেঞ্জ এবং ইটারনাল ব্ল্যাক রঙে আসতে পারে। প্রো ম্যাক্সে ৬.৮৫ ইঞ্চির টু-কে এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে (১৪৪ হার্টজ রিফ্রেশ রেট) এবং ডাইমেনসিটি ৯৬০০ প্রো প্রসেসর থাকার কথা রয়েছে। এর মূল আকর্ষণ ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যার সঙ্গে ৫০ মেগাপিক্সেল মেইন ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে। এতে ৭,৮০০ এমএএইচ ব্যাটারির পাশাপাশি ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলতে পারে। অন্যদিকে, ৬.৩৬ ইঞ্চির ১৪৪ হার্টজ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লেযুক্ত এক্স৫০০ প্রো-তেও ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট, ৬,৫১০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৫০ মেগাপিক্সেল মেইন, ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকতে পারে।
সিরিজের বেস মডেল ভিভো এক্স৫০০-তে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৫৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ডাইমেনসিটি ৯৬০০এম প্রসেসর থাকতে পারে। এতে ৭,৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ৫০ মেগাপিক্সেল মেইন, ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। টিপস্টার সঞ্জু চৌধুরীর ফাঁস করা তথ্য অনুযায়ী, ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এক্স৫০০-এর সম্ভাব্য দাম ১,১৯,৯৯৯ টাকা, এক্স৫০০ প্রো-এর ১,৪৯,৯৯৯ টাকা এবং এক্স৫০০ প্রো ম্যাক্স-এর ১,৫৯,৯৯৯ টাকা হতে পারে। প্রো ম্যাক্সের ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,৭৯,৯৯৯ টাকা ধরা হতে পারে, পাশাপাশি ফটোগ্রাফিপ্রেমীদের জন্য এক্স৫০০ প্রো ম্যাক্স মাস্টার সেটও আসতে পারে।