বয়স মাত্র সাত, দাপট আশি বছরের গিন্নির! কোন ভূতুড়ে চমক নিয়ে আসছেন ছোট্ট শ্রীজয়ী?

পরিবারের সবচেয়ে ছোট সদস্য হয়েও বাড়ির সবচেয়ে প্রবীণ গিন্নির মতো দাপট দেখানো! বয়স মাত্র সাত, অথচ চালচলন, কথাবার্তা থেকে শুরু করে কর্তৃত্ব ফলানো—সবেতেই যেন দীর্ঘদিনের অভিজ্ঞতা। এমনই এক মজাদার ও ভিন্নধর্মী চরিত্র নিয়ে ছোটপর্দায় আসছেন অভিনেত্রী শ্রীজয়ী মজুমদার। সোনি আট-এর আসন্ন ধারাবাহিক ‘ভূত গিন্নি জিলিপিলতা ফ্রম ১৯৪২’-এ জিলিপির চরিত্রে দেখা যাবে তাঁকে। দুষ্টুমি, মায়া, অভিমান আর সাবেকি কর্তৃত্বের মিশেলে তৈরি এই চরিত্র ঘিরেই সাজানো হয়েছে ধারাবাহিকের গল্প।
গল্প অনুযায়ী, জিলিপি ১৯৪২ সালের সাত বছরের ছোট্ট মেয়ে। সময়ের পরিক্রমায় আট দশক পর নিজের পূর্বপুরুষের বাড়ি পাকরাশি পরিবারে ফিরে এসেছে সে। এত বছর পেরিয়ে গেলেও তার ধারণা, পরিবারের সবচেয়ে প্রবীণ গিন্নি সে-ই। তাই বাড়ির প্রত্যেককে তার কথা মানতেই হবে; ইচ্ছের বিরুদ্ধে কিছু হলেই চট করে রেগে যায় সে। বয়সে ছোট হলেও পরিবারের উপর নিজের অধিকার ফলাতে কোনও খামতি রাখে না জিলিপি।
তবে ১৯৪২ সালের পৃথিবী আর ২০২৬ সালের জীবনযাত্রার মধ্যে আকাশ-পাতাল তফাত। আধুনিক সময়ের অভ্যাস, বদলে যাওয়া সম্পর্কের সমীকরণ ও মানুষের জীবনযাপন—সবকিছুই জিলিপির কাছে অচেনা। সেই অচেনা পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে গিয়েই তৈরি হয় একের পর এক হাসির মুহূর্ত। কখনও তার বিস্ময়, কখনও বিভ্রান্তি, আবার কখনও একগুঁয়েমি দর্শকদের আনন্দ দেবে। কিন্তু দাপুটে স্বভাবের আড়ালে পরিবারের প্রতি গভীর ভালোবাসা ও আগলে রাখার প্রবণতাই চরিত্রটির বড় আকর্ষণ।
জিলিপির চরিত্র নিয়ে শ্রীজয়ী মজুমদার জানান, জিলিপির সবচেয়ে মজার দিক হল মাত্র সাত বছর বয়সেও সে নিজেকে বাড়ির ঠাকুমা মনে করে। সবাই তার কথা শুনুক, এটাই চায় সে, আর মনের মতো না হলেই রেগে যায়। আধুনিক পৃথিবীকে বোঝার চেষ্টা করার দৃশ্যগুলো তাঁর বিশেষ পছন্দের, কারণ অনেক কিছুই জিলিপির কাছে নতুন এবং তার কাণ্ডকারখানায় হাসি থামানো মুশকিল। পরিবারের প্রতি গভীর ভালোবাসা ও যত্ন নেওয়ার মানসিকতা নিয়ে জিলিপির চরিত্রে অভিনয় করতে দারুণ উপভোগ করছেন বলে জানিয়েছেন শ্রীজয়ী।
সব মিলিয়ে পারিবারিক গল্প, ভূতের উপস্থিতি, সময়ের ব্যবধান এবং একরত্তি জিলিপির দাপটের মেলবন্ধনে নতুন বিনোদন নিয়ে আসছে ‘ভূত গিন্নি জিলিপিলতা ফ্রম ১৯৪২’। আগামী ২৩ নভেম্বর থেকে সোম থেকে শুক্র, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সোনি আটে দেখা যাবে এই ধারাবাহিক। সাত বছরের এই ভূতুড়ে গিন্নির দাপটে পাকরাশি পরিবারে কতটা ওলটপালট হয়, এখন সেটাই দেখার।