২০-৩০ বছর বয়সেই ডায়াবেটিসের ফাঁদ? শরীরের এই ৬ গোপন সংকেত এড়িয়ে যাবেন না

বর্তমানে ডায়াবেটিস কেবল বয়স্কদের রোগ হিসেবে সীমাবদ্ধ নেই। ২০ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যেও এই রোগ ক্রমশ বেশি করে ধরা পড়ছে। চিকিৎসকদের মতে, টাইপ ২ ডায়াবেটিস খুব ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে এবং শুরুর দিকে এর উপসর্গগুলো প্রায় বোঝাই যায় না। সময়মতো এসব সংকেত শনাক্ত করে রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার পরীক্ষা করালে রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং ভবিষ্যতের গুরুতর জটিলতা এড়ানো যায়।

ডায়াবেটিসের আগের ধাপকে প্রি-ডায়াবেটিস বলা হয়। এই পর্যায়ে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, তবে তা পুরোপুরি ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছায় না। প্রি-ডায়াবেটিস সময়মতো ধরা পড়লে এবং জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনলে টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। সে কারণে প্রি-ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

চিকিৎসক উৎসব দাস জানান, প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিসের ক্ষেত্রে তিনটি পলি বা পলিউরিয়া, পলিফেজিয়া ও পলিডিপসিয়া দেখা দিতে পারে। অর্থাৎ হঠাৎ প্রস্রাবের পরিমাণ ও ঘন ঘন প্রস্রাব হওয়ার প্রবণতা, অতিরিক্ত খিদে পাওয়া এবং বারবার জল খাওয়ার ইচ্ছা দেখা দিলে তা সতর্ক হওয়ার মতো লক্ষণ। তাঁর মতে, মানসিক চাপ এবং অনিয়মিত খাওয়া-দাওয়া এর অন্যতম প্রধান কারণ। এই উপসর্গগুলো দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষা করানো জরুরি। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন এবং হাই গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

প্রি-ডায়াবেটিসের অন্যান্য উল্লেখযোগ্য লক্ষণের মধ্যে রয়েছে সারাক্ষণ ক্লান্তি ও দুর্বলতা অনুভব করা। এই অবস্থায় শরীরের কোষগুলো ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না, ফলে পর্যাপ্ত শক্তি তৈরি হয় না। ঘুমের পরেও অবসাদ কাটতে না চাইলে তা প্রি-ডায়াবেটিসের ইঙ্গিত হতে পারে।

ত্বকে কালচে বা বিবর্ণ দাগ দেখা দেওয়াও আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত, যাকে চিকিৎসা পরিভাষায় অ্যাকানথোসিস নিগ্রিকানস বলা হয়। সাধারণত ঘাড়ের পেছনে, বগলের নিচে বা হাঁটুর আশপাশে এ ধরনের দাগ দেখা যায়, যা ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। এ ছাড়া রক্তে শর্করা বাড়লে চোখের রক্তনালিতে প্রভাব পড়ে দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে। ছোটখাটো ক্ষত বা আঁচড় সারতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগাও সতর্কতার বিষয়, কারণ এতে রক্ত সঞ্চালন ও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রভাবিত হতে পারে। পাশাপাশি শরীরের কোষে গ্লুকোজ না পৌঁছানোয় ঘন ঘন খিদে ও মিষ্টি খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা তৈরি হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে দেওয়া তথ্য শুধুমাত্র সাধারণ সচেতনতা ও তথ্যের উদ্দেশ্যে প্রকাশিত। কোনো পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং আগে থেকে কোনো শারীরিক সমস্যা থাকলে তা চিকিৎসককে জানান।