অরুণাচলে হঠাৎ কী ঘটল? সেনার বিমান নামতেই রণক্ষেত্র সীমান্ত জেলা, পুড়ল বিজেপি নেতার বাড়ি!

অরুণাচল প্রদেশে সিয়াং নদীর ওপর প্রস্তাবিত বিশাল জলবিদ্যুৎ প্রকল্প ও বাঁধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন এবার মারাত্মক রূপ ধারণ করল। রাজ্যের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে পড়া এই বিক্ষোভ রাতারাতি চরম হিংসাত্মক হয়ে ওঠে। আন্দোলনকারীদের সামলাতে এবং আইনশৃঙ্খলা রক্ষা করতে প্রশাসন পুলিশি পদক্ষেপ জোরদার করতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইতিমধ্যেই পুলিশ মানবাধিকার কর্মী এবো মিলি এবং বিশিষ্ট যুব নেতা ওতুল জেরাং ও তাজোং তালম-সহ একাধিক প্রথম সারির আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে।
নেতাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ইস্ট সিয়াং জেলার পাসিঘাটে ব্যাপক তাণ্ডব শুরু হয়। উত্তেজিত আন্দোলনকারীরা ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের (NHPC) স্থানীয় দপ্তরে হামলা চালায় এবং দপ্তরের বাইরে থাকা একাধিক যানবাহনে আগুন ধরিয়ে দেয়। শুধু তা-ই নয়, বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে পাসিঘাট থানা, স্থানীয় বিজেপি সভাপতির বাড়ি এবং একাধিক বিধায়কের বাসভবনেও। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অবিলম্বে হস্তক্ষেপ করে। ভারতীয় বিমানবাহিনীর (IAF) বিশেষ বিমানে করে তড়িঘড়ি সিআরপিএফ (CRPF) এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর বাড়তি জওয়ান পাঠানো হয়েছে রাজ্যটিতে। ইস্ট সিয়াং-সহ উত্তর-পূর্বের তিনটি স্পর্শকাতর সীমান্তবর্তী জেলায় ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং তীব্র পাথর ছোঁড়ার ঘটনা ঘটে, যাতে অন্তত ৪০ জনেরও বেশি পুলিশকর্মী এবং বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হন।
স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর তীব্র বিরোধিতা সত্ত্বেও সিয়াং নদীর ওপর এই মেগা বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, বাঁধটি নির্মিত হলে স্থানীয় আদিবাসীদের ভিটেমাটি ও জীবনযাত্রা তো বটেই, পরিবেশ ও বাস্তুতন্ত্রেরও এক অলঙ্ঘনীয় ক্ষতি হবে। এই আশঙ্কা থেকেই অরুণাচলের স্থানীয় জনগোষ্ঠীর পাশাপাশি গোটা উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন সামাজিক সংগঠন একজোট হয়ে রাস্তায় নেমেছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। আন্দোলনকারীদের হিংসার পথ ত্যাগ করে আলোচনার টেবিলে এসে সমস্ত সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন তিনি।