অবসরের ভাবনা মানেই কি টেনশন? এনপিএসের জনপ্রিয়তায় এল বিরাট চমক!

এইচডিএফসি পেনশন ফান্ড ম্যানেজমেন্টের প্রকাশিত ‘এনপিএস প্রেফারেন্স ইনডেক্স স্টাডি ২০২৬’ প্রতিবেদনে ভারতীয়দের অবসরকালীন পরিকল্পনা এবং ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস)-এর প্রতি ক্রমবর্ধমান আগ্রহের এক চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে। গবেষণার তথ্য অনুযায়ী, ভারতে এনপিএস-এর প্রতি পছন্দের সামগ্রিক সূচক বেড়ে বর্তমানে ৫৭-তে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালে ছিল ৫৪। বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধির নেপথ্যে রয়েছে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং এনপিএস-এর বিভিন্ন আকর্ষণীয় সুবিধা।

প্রতিবেদনে জানানো হয়েছে, ০ থেকে ১০০-এর স্কেলে নির্ধারিত এই সূচকে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ‘বিবেচনা’ বা কনসিডারেশন-এর মাত্রা, যা ৬ পয়েন্ট বেড়ে বর্তমানে ৫৯-এ পৌঁছেছে। এর পরেই রয়েছে ‘পরিচিতি’ বা ফ্যামিলিয়ারিটি (৫৮) এবং ‘আকর্ষণ’ বা অ্যাপিল (৫৬)। এই পরিসংখ্যান স্পষ্ট করে যে, ভারতীয় সঞ্চয়কারীরা এখন কেবল নিষ্ক্রিয় ধারণার পর্যায়ে আটকে নেই, বরং তাঁরা অত্যন্ত সক্রিয়ভাবে এনপিএস-কে নিজেদের অবসরকালীন আর্থিক সুরক্ষার মাধ্যম হিসেবে যাচাই-বাছাই করছেন। পেনশন ফান্ডটির এমডি ও সিইও শ্রীরাম আয়ার জানিয়েছেন যে, এই সচেতনতা ভারতীয়দের দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী তহবিল বা কর্পাস গড়ে তুলতে বড় ভূমিকা নেবে। তবে এই আগ্রহকে দ্রুত প্রকৃত এনরোলমেন্টে রূপান্তর করাই এখন মূল লক্ষ্য।

আর্থিক অগ্রাধিকারের তালিকায় চিকিৎসা খরচ (৪৫%), জরুরি তহবিল (৩৯%) এবং সন্তানের শিক্ষার (৩৫%) ঠিক পরেই নিজেদের অবসর পরিকল্পনাকে স্থান দিচ্ছেন ভোক্তারা। পাশাপাশি, স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান খরচ (৪৭%) এবং বয়সজনিত স্বাস্থ্য সমস্যা (৪৪%)-কে অবসরের ক্ষেত্রে প্রধান উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৬৯% মানুষ জানিয়েছেন যে, তাঁরা অবসরের পর পরিবার বা সন্তানের ওপর আর্থিক সহায়তার আশা করেন। অন্যদিকে, এনপিএস-এ নিবন্ধনের ক্ষেত্রে কর সাশ্রয় (৩৮%) বা ভালো রিটার্নকে (৩৬%) পেছনে ফেলে সাম্প্রতিক নীতিগত পরিবর্তন ও সংযোজনগুলো (৩৯%) প্রধান অনুঘটক হিসেবে জায়গা করে নিয়েছে। ৬০ বছর বয়সের পর করমুক্ত ক্যাশ উইথড্রল (৫৯%) এবং একটি নিরাপদ সরকারি নিয়ন্ত্রিত মাধ্যম হিসেবে এর গ্রহণযোগ্যতা (৫২%) মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছে।

তবে কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। লক-ইন পিরিয়ড (২৬%) এবং বাধ্যতামূলক অ্যানুইটি বা পেনশন স্কিম কেনা (২৫%)-কে এই স্কিম গ্রহণের প্রধান বাধা হিসেবে উল্লেখ করা হয়েছে। মজার বিষয় হলো, গত বছরের প্রধান বাধা অর্থাৎ ‘জ্ঞানের অভাব’ এবার পঞ্চম স্থানে নেমে এসেছে, যা প্রমাণ করে যে দেশজুড়ে সচেতনতা দ্রুত বাড়ছে। এছাড়া, চলতি সংস্করণে নাবালকদের জন্য আনা ‘এনপিএস বাৎসল্য’ স্কিমটিও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যার কর সাশ্রয়ের সুবিধা (৪৪%) এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের অভ্যাস (৪১%)-এর সুবাদে ২৮% অভিভাবক ইতিমধ্যে এটি সম্পর্কে ওয়াকিবহাল রয়েছেন।