অবশেষে গিগ কর্মীদের জন্য সুখবর! Zomato, Ola কর্মীদেরও এবার পেনশনের সুবিধা, চালু হলো NPS-এর ‘ই-শ্রমিক’ প্ল্যাটফর্ম

গোটা দেশজুড়ে কর্মসংস্কৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। যে যুব সমাজ একসময় স্থায়ী ৯টা-৫টার চাকরি খুঁজতেন, তাঁরা এখন সময় ও কাজের উপর নিজের নিয়ন্ত্রণ রাখতে ফ্রিল্যান্সিং বা গিগ ওয়ার্কের দিকে ঝুঁকছেন। এই পরিবর্তনের মধ্যে একটি বড় প্রশ্ন ছিল— নিজের ইচ্ছায় কাজের এই স্বাধীনতা কি ভবিষ্যতের আর্থিক সুরক্ষা বিপন্ন করবে? অবশেষে, সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছে দেশের পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)।
PFRDA এই ধরনের গিগ কর্মীদের জন্য NPS (ন্যাশনাল পেনশন সিস্টেম)-এর ই-শ্রমিক প্ল্যাটফর্ম চালু করেছে।
কেন এই মডেল জরুরি ছিল? এতদিন পর্যন্ত ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) বা প্রভিডেন্ট ফান্ডের (PF) মতো সুবিধাগুলি কেবল সরকারি বা বেসরকারি বেতনভুক্ত চাকরিজীবীরাই পেতেন। Zomato, Swiggy, Ola, Uber-এর মতো প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত লক্ষ লক্ষ কর্মীর জন্য দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষার একটি বড় অভাব ছিল। PFRDA-এর এই স্কিম সেই শূন্যস্থান পূরণ করেছে। এখন গিগ কর্মীরাও নিয়মিত বেতনপ্রাপ্ত কর্মীর মতোই অবসরের জন্য তহবিল তৈরি করতে পারবেন।
নতুন স্কিমের সুবিধা:
খরচ হ্রাস: নতুন এই স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল— বার্ষিক রেকর্ড রক্ষণাবেক্ষণের খরচ (Annual Maintenance Cost) ১০০ টাকা থেকে কমে মাত্র ১৫ টাকা হয়েছে।
রেজিস্ট্রেশন ফি নেই: এই স্কিমে যোগ দেওয়ার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগছে না।
কীভাবে ‘ই-শ্রমিক’ স্কিমে নথিভুক্ত করবেন? এই ই-শ্রমিক স্কিমে নথিভুক্ত করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং সরল:
PRAN তৈরি: প্রথমে, একটি পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর বা PRAN তৈরি করা হবে।
eKYC যাচাইকরণ: আধার-ভিত্তিক eKYC-এর মাধ্যমে আপনার নাম, প্যান নম্বর ও ব্যাঙ্কের তথ্যের মতো প্রাথমিক বিষয়গুলো যাচাই করা হবে। যদি প্ল্যাটফর্মগুলোর কাছে আপনার তথ্য থাকে, আপনার সম্মতিতে তা সরাসরি ব্যবহৃত হবে এবং স্থায়ী PRAN তৈরি হবে।
প্রোফাইল আপডেট: প্রোফাইল সম্পূর্ণ করতে বাবা-মায়ের নাম ও নমিনির তথ্য যোগ করতে হবে। মনে রাখবেন, স্কিমে যোগ দেওয়ার ৬০ দিনের মধ্যে নমিনির তথ্য নথিভুক্ত করা আবশ্যক।
টাকা জমার প্রক্রিয়া: টাকা জমা করা যেতে পারে তিন উপায়ে:
সংস্থা ও কর্মী উভয়েই
শুধু কর্মী
শুধু প্ল্যাটফর্ম
এখানে ন্যূনতম ৯৯ টাকা জমা দেওয়া যায়। তবে NPS-এর নিয়ম অনুযায়ী, বছরে মোট কমপক্ষে ৫০০ টাকা জমা দেওয়া আবশ্যক। গোটা দেশের গিগ কর্মীদের জন্য এটি একটি বিরাট খবর।