অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি আপনিও পাননি? বিরাট আশ্বাস দিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী!

আসন্ন উপনির্বাচনের প্রচারের উত্তাপ এখন তুঙ্গে। শুক্রবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হাঁসিরানী রথের সমর্থনে বিরুলিয়া মহেশ্বর বাজার এলাকায় একটি জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্যের অন্যতম চর্চিত প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি। যে সমস্ত উপভোক্তা এখনও এই প্রকল্পের অর্থ পাননি, তাঁদের আশ্বস্ত করে বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কী বললেন মুখ্যমন্ত্রী? জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, এখনও পর্যন্ত নন্দীগ্রামে প্রায় ৭০ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। যাঁরা এখনও এই অনুদান পাননি, তাঁদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট করে দেন যে, সরকারের সমস্ত নিয়ম মেনে যারা সঠিক প্রক্রিয়ায় ফর্ম পূরণ করেছেন, ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর তাঁরা প্রত্যেকেই ৩০০০ টাকা করে পেয়ে যাবেন। কাউকে কোনোভাবেই বঞ্চিত করা হবে না।

সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত কয়েক মাসে সরকারের তরফে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আগামী দিনে প্রান্তিক ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলি যাতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বছরে ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা পেতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা বৃদ্ধি এবং প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ও আবাস যোজনা নিয়েও একাধিক ইতিবাচক বার্তা দেন তিনি।

পোর্টাল ব্যবহারে সমস্যায় পড়লে সাহায্য কারা করবেন? অনেকেই ইন্টারনেটের পোর্টাল ব্যবহার করে নাম নথিভুক্ত করতে পারেন না, এই সমস্যার কথা আগেই তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। গত আগস্ট মাসে ভবানীপুরের একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন যে, যাঁরা পোর্টাল ব্যবহার করতে জানেন না, তাঁদের জন্য দলের কর্মীরা সাহায্য করবেন। বিধায়কের কার্যালয়, মণ্ডলের কর্মী, ওয়ার্ডের প্রতিনিধি ও মহিলা মোর্চার সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে বা সহযোগিতার মাধ্যমে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন, যাতে কোনো যোগ্য উপভোক্তা বাদ না পড়েন। শুভেন্দু অধিকারীর ওপরে ভরসা রাখার বার্তা দিয়ে তিনি জানান, সমস্ত প্রসেস সম্পূর্ণ হলেই বাকি যোগ্য প্রার্থীরা তাঁদের প্রাপ্য অর্থ হাতে পেয়ে যাবেন।