মুখের ব্রণ নয়, এবার মাথায় ফোসকা! স্ক্যাল্পে ব্রণ কেন হয়? ডাক্তার বললেন, চুলের গোড়ায় লুকিয়ে আছে আসল কারণ

ব্রণ বা অ্যাকনের সমস্যা কেবল মুখেই সীমাবদ্ধ নয়। এটি পিঠ, হাত এবং এমনকি মাথার ত্বকেও (Scalp) হতে পারে। স্ক্যাল্পে ব্রণ হলে তা নিরাময় করা বেশ কঠিন, কারণ চুলের মধ্যে ঢাকা থাকার কারণে এই ব্রণগুলো সহজে শুকাতে চায় না। বিশেষ করে মাথার ত্বক অতিরিক্ত তেল চিটচিটে থাকলে ব্রণের প্রকোপ আরও বাড়ে। অনেক সময় চুল আঁচড়ানোর সময় চিরুনির আঘাতে এই ব্রণ ফেটে গিয়ে ঘা বা ক্ষতের সৃষ্টি করে, যা তীব্র ব্যথাযুক্ত হতে পারে এবং কিছু ক্ষেত্রে কষ বা রক্তও বের হতে পারে।
মাথার ত্বকে ব্রণ কেন হয়?
মাথার ত্বকে ব্রণ হওয়ার কারণ মুখের ব্রণের মতোই। নিউ ইয়র্ক সিটির চর্মরোগ বিশেষজ্ঞ ডা. ব্লেয়ার মারফি-রোজের মতে, মাথার ত্বকে অসংখ্য তেল গ্রন্থি থাকে। ময়লা জমে এই গ্রন্থি বা লোমকূপ বন্ধ হয়ে গেলে ব্রণের সৃষ্টি হয়। সাধারণত মাথার তালু বা পেছনের দিকে ছোট আকারের, কিন্তু বেশ ব্যথাযুক্ত ব্রণ দেখা দেয়।
চর্মরোগ বিশেষজ্ঞের ব্যাখ্যা অনুযায়ী, নিম্নমানের প্রসাধনী সামগ্রী ব্যবহার, জমে থাকা মৃত কোষ এবং অতিরিক্ত তেল মিলেমিশে চুলের ফলিকলকে আটকে দেয়, যার ফলে মাথার ত্বকে ব্রণ দেখা দেয়।
সমাধান ও নিরাময়ের উপায়:
ডা. ব্লেয়ার মারফি-রোজ মাথার ত্বকের ব্রণ কমাতে কিছু কার্যকর সমাধান দিয়েছেন:
ক্ল্যারিফাইং শ্যাম্পু: সপ্তাহে একবার ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করুন। এটি মাথার ত্বক গভীর থেকে পরিষ্কার করে।
টি ট্রি অয়েল: ব্রণের প্রবণতা ও ব্যাকটেরিয়া বৃদ্ধি ঠেকাতে এবং মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে টি ট্রি অয়েল (Tea Tree Oil) ব্যবহার করা যেতে পারে।
স্যালিসাইলিক অ্যাসিড: ব্রণ কমাতে স্যালিসাইলিক অ্যাসিড (Salicylic Acid) সমৃদ্ধ প্রসাধনী সামগ্রী ব্যবহার করুন।
নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা: নিয়মিত চুল পরিষ্কার রাখা মাথার ত্বকের ব্রণ প্রতিরোধে সহায়ক।
অ্যাক্টিভেটেড চারকোল ও অ্যাপল সাইডার ভিনিগার: মাথার ত্বকের অতিরিক্ত সিবাম (Sebum) ও তেল নিয়ন্ত্রণ করতে অ্যাক্টিভেটেড চারকোল (Activated Charcoal) বা অ্যাপল সাইডার ভিনিগার (ACV) ব্যবহার করুন। এগুলো অতিরিক্ত তেল শুষে নিয়ে লোমকূপ পরিষ্কার রাখে।
বেঞ্জয়েল পারঅক্সাইড: যদি খুব বেশি ব্রণ দেখা যায়, তবে বেঞ্জয়েল পারঅক্সাইড (Benzoyl Peroxide) সমৃদ্ধ পণ্য ব্যবহার করতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ চর্মরোগীর পরামর্শ নেওয়া আবশ্যক।
মাথায় ব্রণ হলে যা করবেন না:
স্পর্শ করা: কোনো অবস্থাতেই ব্রণে হাত দেবেন না বা খোঁটাখুঁটি করবেন না; এতে সংক্রমণ বেড়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
ভারী প্রসাধনী: মাথায় বাড়তি তেল, স্প্রে বা স্টাইলিং জেল— যা সহজে ধোয়া যায় না, এমন কোনো প্রসাধনী ব্যবহার করবেন না।
টুপি বা হেডগিয়ার: শক্ত ও আঁটসাঁট টুপি বা হেলমেট ব্যবহার করা এড়িয়ে চলুন। এর ফলে ঘাম ও ব্যাকটেরিয়া জমে ব্রণ হওয়ার প্রবণতা বাড়ে। মাথার ত্বককে খোলামেলা রাখা জরুরি।