ভুলে যাওয়া সমস্যা? চোখ বন্ধ করলেই ফিরবে স্মৃতি!

দৈনন্দিন জীবনে ভুলে যাওয়াটা বেশ সাধারণ একটি সমস্যা। চাবি কোথায় রাখলাম, কোনো জিনিসপত্র কোথায় ছিল, এমনকি পড়ার বিষয়বস্তুও অনেক সময় হাজার চেষ্টা করেও মনে করতে পারি না। মনে হয় যেন মস্তিষ্ক সব মুছে দিয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই সমস্যার একটি অত্যন্ত সহজ সমাধান রয়েছে। একটি মাত্র কৌশলে আপনি সহজেই যেকোনো বিষয় মনে রাখতে পারবেন।
চোখ বন্ধ করার এই কৌশলটি কীভাবে কাজ করে?
শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এই কৌশলটি হলো কেবল চোখ বন্ধ করা। ‘লিগ্যাল অ্যান্ড ক্রিমিনাল সাইকোলজি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, চোখ বন্ধ করলে স্মৃতি মনে করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। যখন আপনি চোখ খোলা রেখে কোনো কিছু মনে করার চেষ্টা করেন, তখন তা যতটা কঠিন মনে হয়, চোখ বন্ধ করে চেষ্টা করলে ঠিক ততটাই সহজ হয়ে যায়।
একটি গবেষণায়, গবেষকরা অংশগ্রহণকারীদের একটি শর্টফিল্ম দেখতে দেন। এরপর তাদের সেই শর্টফিল্মের ছোটখাটো নানা বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয়। গবেষকরা লক্ষ্য করেন, যারা চোখ বন্ধ করে উত্তর দিচ্ছিলেন, তাদের মধ্যে প্রায় ২৩% বেশি সঠিক উত্তর দিতে পারছিলেন যারা চোখ খোলা রেখে উত্তর দিচ্ছিলেন তাদের তুলনায়। একই রকম আরেকটি গবেষণায়, ১৭৮ জন মানুষকে একটি চুরির ঘটনার উপর তৈরি শর্টফিল্ম দেখিয়ে একই ফলাফল পাওয়া যায়।
কেন চোখ বন্ধ করলে স্মৃতিশক্তি বাড়ে?
এর মূল কারণ হলো মনোযোগ। যখন আমাদের চোখ খোলা থাকে, তখন আমাদের আশেপাশের বিভিন্ন বস্তুর প্রতি নজর যায়, যা আমাদের মনোযোগকে বিচ্যুত করে। চোখ খোলা রেখে কোনো কিছু চিন্তা করলে আমাদের মস্তিষ্ক নির্দিষ্ট একটি বিষয়ে সম্পূর্ণভাবে মনোযোগ দিতে পারে না। কিন্তু যখন আমরা চোখ বন্ধ করি, তখন বাইরের সকল দৃশ্যমান উদ্দীপনা বন্ধ হয়ে যায়। ফলে আমাদের মস্তিষ্ক একাগ্রভাবে শুধু সেই বিষয়টিই চিন্তা করে যা আমরা মনে করতে চাই, যা আমাদের স্মৃতি মনে করতে বিশেষভাবে সাহায্য করে।