পুজোর পরেই রাজ্যে পুরভোটের বাদ্যি! ২৮ নভেম্বর ভোটগ্রহণ ও ২ ডিসেম্বর গণনা, নবান্নকে প্রস্তাব কমিশনের

দুর্গাপুজো কাটলেই রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে কলকাতা সহ সাতটি পুরনিগমে ভোটের দিন ঘোষণা করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর এই সমস্ত পুরনিগমগুলিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে এবং ভোট গণনা হবে আগামী ২ ডিসেম্বর। বুধবার নবান্নের শীর্ষকর্তাদের সঙ্গে দীর্ঘ ম্যারাথন বৈঠকের পর রাজ্য সরকারের কাছে এই পূর্ণাঙ্গ নির্বাচনী নির্ঘণ্টের প্রস্তাব পাঠিয়েছে কমিশন। এখন কেবল রাজ্য প্রশাসনের সবুজ সঙ্কেতের অপেক্ষা, যার পরেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।
এদিন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তা প্রশাসনিক প্রস্তুতি চড়ান্ত করতে দু’দফায় বৈঠক করেন। প্রথম দফার বৈঠকে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে ভোট পরিচালনা ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার ব্লু-প্রিন্ট নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের সঙ্গে পৃথক বৈঠকে কড়া বার্তা দিয়ে কমিশনার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে কোনও মূল্যে নির্বাচন সম্পূর্ণ অবাধ, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত রাখতে হবে। প্রশাসনিক সূত্রে খবর, কলকাতা ও হাওড়া সহ সমস্ত পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং সংরক্ষণের কাজ সম্পূর্ণ হওয়ায় ভোট করাতে প্রযুক্তিগত কোনও বাধা নেই। দীর্ঘ আট বছর ধরে নির্বাচিত বোর্ডহীন হাওড়া এবং প্রশাসকের নিয়ন্ত্রণে থাকা কলকাতাসহ সাতটি পুরনিগমে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরাতে এই পদক্ষেপ অত্যন্ত তাত্পর্যপূর্ণ। মূলত ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরনিগমে নতুন নির্বাচিত বোর্ড গঠনের নির্দিষ্ট ডেডলাইন মাথায় রেখেই নভেম্বর শেষের এই ভোটসূচি সাজিয়েছে কমিশন।