অ্যালার্মের শব্দে রোজ ঘুম ভাঙলে শরীরে যা ঘটতে পারে, জানুন

অ্যালার্মের আওয়াজেই প্রায় সকলের ঘুম ভাঙে। সময়মতো ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্মের উপর নির্ভর করেন অনেকেই। কেউ ঘড়িতে অ্যালার্ম দেন, আবার কারো ভরসা মোবাইল ফোনের অ্যালার্ম।
তবে প্রতিদিন অ্যালার্মের শব্দে ঘুম ভাঙার অভ্যাস কি আপনার শরীরে কোনো নেতিবাচক প্রভাব ফেলছে? এমন প্রশ্ন কি কখনো মনে জেগেছে? সাম্প্রতিক এক গবেষণা জানাচ্ছে, দীর্ঘদিন ধরে অ্যালার্মের শব্দ শুনে ঘুম ভাঙলে শরীরে মারাত্মক প্রভাব পড়তে পারে।
সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাপত্রে ঘুম ভাঙার প্রক্রিয়ার সঙ্গে স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। এই গবেষণাপত্র অনুযায়ী, যারা বছরের পর বছর অ্যালার্মের শব্দ শুনে ঘুম থেকে ওঠেন, তাদের বেশ কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেই সমস্যাগুলো সম্পর্কে:
ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি: সমীক্ষা অনুযায়ী, অ্যালার্মের শব্দে যাদের ঘুম ভাঙে, তাদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। শরীরের প্রয়োজনীয় ঘুমের চেয়ে কম ঘুম হলেই এই সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালার্মের কারণে ঘুম ভাঙলে ঘুমের ঘাটতি পূরণ হয় না, যা ডায়াবেটিসের সম্ভাবনা বাড়িয়ে তোলে।
হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি: আরেকটি সমীক্ষায় দেখা গেছে, প্রতিদিন অ্যালার্মের শব্দ শুনে ঘুম ভাঙলে হৃদরোগের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বাড়ে। এর কারণ হলো, হঠাৎ করে অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙলে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যা রক্তচাপ বৃদ্ধি করে। এই কারণে হৃদরোগের ঝুঁকিও বাড়ে।
অবসাদ বৃদ্ধি: প্রতিদিন অ্যালার্মের শব্দে ঘুম ভাঙতে ভাঙতে একসময় এটি অভ্যাসে পরিণত হয়, যা মানসিক অবসাদের কারণ হতে পারে। অ্যালার্মের তীব্র শব্দ মানসিক স্বাস্থ্যের উপরও নেতিবাচক প্রভাব ফেলে।
মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস: ঘুমের মধ্যে অ্যালার্মের তীক্ষ্ণ আওয়াজ কানে এলে আচমকা ঘুম ভেঙে যায়। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতে পারে। আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, গভীর ঘুমের সময় হঠাৎ করে জেগে উঠলে মানুষের স্মৃতিশক্তি, জ্ঞানীয় ক্ষমতা এবং এমনকি গণনার দক্ষতাও হ্রাস পায়।
হজমজনিত সমস্যা বৃদ্ধি: অ্যালার্মের শব্দে হঠাৎ ঘুম ভাঙলে হজমজনিত সমস্যাও দেখা দিতে পারে। এর ফলে অ্যাসিডিটির সমস্যাও বাড়তে পারে।
রক্তচাপ ও হৃদস্পন্দন বৃদ্ধি: জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল হেলথ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যেসব অংশগ্রহণকারী হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠেছেন, তাদের রক্তচাপ ও হৃদস্পন্দন দ্রুত বেড়ে গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অ্যালার্ম যদিও আপনাকে সময়মতো জাগিয়ে তোলার ক্ষেত্রে সহায়ক, তবে এর দীর্ঘমেয়াদী প্রভাব মানসিক চাপের কারণ হতে পারে। তাই অ্যালার্ম ছাড়াই প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করা উচিত। দৈনিক ঘুমের চাহিদা পূরণ হলে আপনি স্বাভাবিকভাবেই সঠিক সময়ে জেগে উঠতে পারবেন। এর জন্য একটি ঘুমের রুটিন তৈরি করে নেওয়া জরুরি। আর যদি মোবাইল বা অ্যালার্ম ঘড়ি ব্যবহার করতেই হয়, তাহলে অবশ্যই মৃদু শব্দ বা আরামদায়ক মিউজিক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।