হাতে তালি, মুখে হরি নাম! কৃষ্ণা দাসের কীর্তনে মগ্ন বিরাট-অনুষ্কা, দৃশ্য দেখে নেটপাড়ায় চরম শোরগোল!

বিশ্বজোড়া খ্যাতি, গ্ল্যামার আর আলোর ঝলকানিকে দূরে সরিয়ে ফের আধ্যাত্মিকতার গভীর অনুভূতির সাক্ষী হলেন বলিপাড়া ও ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিমান দম্পতি—বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিশ্বজুড়ে লক্ষ কোটি ভক্তের ভালোবাসায় ঘেরা এই জুটি নিজেদের ব্যস্ততার মাঝেও বারবার ফিরে যান ঈশ্বরের চরণে। এবার তাঁদের দেখা মিলল বিখ্যাত আমেরিকান গায়ক কৃষ্ণা দাসের লাইভ কীর্তন অনুষ্ঠানে। রবিবার রাতে মুম্বইতে আয়োজিত এই ভক্তিগীতি সন্ধ্যার একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ভিড়ের মাঝে অত্যন্ত সাধারণ মানুষের মতো পাশাপাশি বসে রয়েছেন অনুষ্কা ও বিরাট। সুরের তালে তালে ভক্তিভরে মাথা নাড়ছেন, মুখে জপছেন ভগবানের নাম। মাঝে একবার ক্যামেরার দিকে চোখ পড়লেও পরক্ষণেই চোখ ফিরিয়ে তাঁরা পুনরায় ডুব দেন কৃষ্ণনামের মধুর সুধায়। ভারত সফরের অংশ হিসেবেই কৃষ্ণা দাস মুম্বইতে এই ঐতিহ্যবাহী মন্ত্র ও পাশ্চাত্য সংগীতের মেলবন্ধনে ভক্তিগীতির আসর বসিয়েছিলেন। তবে এই প্রথম নয়, চলতি বছরের জুলাই মাসেও লন্ডনের ইউনিয়ন চ্যাপেলে কৃষ্ণা দাসের কীর্তনে মগ্ন থাকতে দেখা গিয়েছিল বিরুষ্কাকে।
আসলে বিগত কয়েক বছর ধরে বিরাট ও অনুষ্কার এই আধ্যাত্মিক সফর দারুণ এক মোড় নিয়েছে। কোহলির খেলোয়াড় জীবনের কঠিন পর্বে এই জুটির উত্তরাখণ্ডের বিখ্যাত কৈঞ্চী ধাম আশ্রমে যাত্রা তাঁদের মানসিক শান্তি ফিরিয়ে দেয়। নিম করোলি বাবা, বৃন্দাবনের শ্রী হিত প্রেমানন্দ গোবিন্দ শরণ জী মহারাজ এবং ঋষিকেশের স্বামী দয়ানন্দ আশ্রমের প্রতি এই দম্পতির অচল শ্রদ্ধা সকলের জানা। বর্তমানে দুই সন্তান ভামিকা ও আকায়কে নিয়ে লন্ডনে সময় কাটালেও ভারত সফরে এলে আধ্যাত্মিক আশ্রমে সাধু-সন্তদের সেবা করা তাঁদের নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।