রাজ কাপুর-নার্গিসের ‘গোপন সন্তান’ ডিম্পল কাপাডিয়া? বলিউডের সবথেকে চর্চিত ‘নিষিদ্ধ’ প্রশ্নের উত্তর মিলল অবশেষে!

বলিউডের ইতিহাসের পাতা উল্টালে এমন কিছু বিতর্ক সামনে আসে যা আজও মানুষের মনে কৌতূহল জাগায়। তার মধ্যে অন্যতম হলো ১৯৭৩ সালে ‘ববি’ ছবি দিয়ে আত্মপ্রকাশ করা ১৬ বছরের কিশোরী ডিম্পল কাপাডিয়াকে নিয়ে রটা সেই ভয়াবহ গুজব। সেই সময় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল যে, ডিম্পল আসলে রাজ কাপুর ও নার্গিসের ‘লাভ চাইল্ড’ বা অবৈধ সন্তান। বহু বছর পর আর্কাইভের পাতা থেকে সেই ‘নিষিদ্ধ’ বিতর্কের জবাব দিলেন ডিম্পল কাপাডিয়া নিজেই।

এই গুজবের মূলে ছিল নার্গিসের সঙ্গে ডিম্পলের চেহারার অভাবনীয় মিল। তার ওপর রাজ কাপুর ‘ববি’ ছবিতে ডিম্পলের এন্ট্রি সিনটি ঠিক সেভাবেই সাজিয়েছিলেন, যেভাবে বাস্তবে নার্গিসের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল। রাজ-নার্গিসের দীর্ঘদিনের প্রেম এবং নার্গিসের মানসিক অবসাদের গল্প তখন সবার মুখে মুখে। ফলে সাধারণ মানুষ খুব সহজেই দুইয়ে দুইয়ে চার করে ফেলেছিল। গুজবটি এতটাই কদর্য ছিল যে, এতে নাম জড়িয়ে গিয়েছিল সঞ্জয় দত্তেরও।

এক পুরনো সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে ডিম্পল কাপাডিয়া তা হেসেই উড়িয়ে দেন। অত্যন্ত বিরক্ত হয়ে তিনি বলেন, “আমার সম্পর্কে শোনা এটাই সবথেকে বড় পাগলামি। মানুষ কি সত্যিই ভাবতে পারে যে আমি সঞ্জয় দত্তর সৎ বোন? এটা একেবারেই অসম্ভব এবং ভিত্তিহীন।” অন্যদিকে স্বয়ং নার্গিসও এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। অভিনেতা অন্নু কাপুরের স্মৃতিচারণ থেকে জানা যায়, নার্গিস এই রটনাকে ‘নিচ মানসিকতা’র পরিচয় বলে বর্ণনা করেছিলেন। তিনি স্পষ্ট করেছিলেন যে, স্রেফ একটি চরিত্রের আদলে অন্য কাউকে বড় পর্দায় তুলে ধরার অর্থ এই নয় যে তাদের মধ্যে রক্ত সম্পর্ক রয়েছে। সময়ের সাথে এই বিতর্ক ধামাচাপা পড়লেও বলিউডের অন্দরমহলে রাজ-নার্গিস-ডিম্পল সমীকরণ আজও এক অমীমাংসিত রহস্যের মতোই রয়ে গেছে।