বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জড়িয়ে থাকা ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় বলিউড তারকা জ্যাকলিনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। শনিবার এএসজে (ASJ) প্রশান্ত শর্মার এজলাসে এই মামলার শুনানি ছিল। আদালতের এই নির্দেশের পর বলিউডের অন্দরে শুরু হয়েছে তীব্র জল্পনা।
দীর্ঘদিন ধরেই জ্যাকলিন নিজেকে এই মামলায় ‘প্রতারণার শিকার’ বলে দাবি করে আসছিলেন। তবে আদালত তার সেই যুক্তি মানতে নারাজ। প্রাথমিক তদন্ত ও প্রমাণের ভিত্তিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, জ্যাকলিন সুকেশের সমস্ত অবৈধ কার্যকলাপ সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন। এরপরও তার কাছ থেকে দামী উপহার নেওয়া এবং আর্থিক লেনদেন চালিয়ে যাওয়া সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে, তিনি এই অপরাধমূলক ষড়যন্ত্রের অংশীদার ছিলেন।
চার্জ গঠনের নির্দেশে বিচারক প্রশান্ত শর্মা বলেন, পিএমএলএ (PMLA) আইনের ৩ নম্বর ধারার অধীনে অপরাধ এবং ৪ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার যথেষ্ট প্রমাণ রেকর্ড অনুযায়ী রয়েছে। আদালত জানায়, জ্যাকলিন সুকেশের কাছ থেকে প্রায় ৫.৭১ কোটি টাকার দামী উপহার নিয়েছিলেন। এখানেই শেষ নয়, তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, সুকেশের অপরাধের মাধ্যমে পাওয়া অর্থ (Proceeds of Crime) লুকানোর জন্য জ্যাকলিন ও তার ঘনিষ্ঠরা মরিয়া ছিলেন। এমনকি জ্যাকলিনের বোন জেরাল্ডিন জে ওয়াকারের আন্তর্জাতিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১.৪ কোটি টাকা এবং ভাই ওয়ারেন জে ফার্নান্ডেজের অ্যাকাউন্টে প্রায় ১০ লক্ষ টাকা পাঠানো হয়েছিল।
আদালতের পর্যবেক্ষণ বলছে, জ্যাকলিন জানতেন সুকেশ একজন দাগী অপরাধী। কয়েক মাস আগেই তাকে ইমেলের মাধ্যমে খবরের লিঙ্ক পাঠানো হয়েছিল, যেখানে টিটিভি দিনাকরণ ঘুষ মামলা থেকে শুরু করে কানাড়া ব্যাঙ্ক জালিয়াতি এবং প্রতারণামূলক বিনিয়োগে সুকেশের জড়িত থাকার বিস্তারিত তথ্য ছিল। সব জেনেও তিনি সুকেশের কাছ থেকে দামী উপহার এবং নিজের বাবা-মায়ের জন্য গাড়ি গ্রহণ করেছেন। আদালতের মতে, পিঙ্কি ইরানির মোবাইলে জ্যাকলিনের বাবা-মায়ের জন্য গাড়ি কেনার কথোপকথন ও তথ্য প্রমাণ করে যে, তিনি সুকেশের সঙ্গে এই আর্থিক তছরুপে ষড়যন্ত্রে শামিল হয়েছিলেন।
এখন দেখার বিষয়, চার্জ গঠনের পর জ্যাকলিনের আইনি লড়াইয়ের মোড় কোন দিকে ঘোরে। একদিকে ক্যারিয়ার এবং অন্যদিকে আইনি জটিলতা—সব মিলিয়ে কঠিন সময়ের মুখোমুখি এই বলিউড ডিভা।





