কেরলে রেকর্ড ৮০০ স্ক্রিনে তাণ্ডব চালাতে আসছে ‘জেলার ২’! প্রথম শো ঘড়ির কাঁটায় ঠিক কটায়?

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ম্যাজিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সিনেমাপ্রেমীরা। আগামীকাল অর্থাৎ ১৫ অক্টোবর বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত ছবি ‘জেলার ২’। প্রথম পার্টের অভাবনীয় সাফল্যের পর এবার আরও বড় ক্যানভাস এবং ভরপুর মাস এলিমেন্ট নিয়ে হাজির হচ্ছেন ‘মুথুভেল পান্ডিয়ান’। ইতিমধ্যেই ছবিটির প্রোমোশনাল ভিডিও এবং ট্রেলার দর্শকদের উন্মাদনা এবং প্রত্যাশা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় এই ছবিতে অ্যাকশন, ইমোশন, পাঞ্চ ডায়লগ এবং স্টাইলিশ প্রেজেন্টেশনের পাশাপাশি থাকছে তাঁর ট্রেডমার্ক ব্ল্যাক হিউমার। দক্ষিণের রাজ্যগুলিতে এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে কেরালায় প্রায় ৮০০টি স্ক্রিনে রেকর্ড রিলিজ হতে চলেছে ‘জেলার ২’-এর। শুধু তাই নয়, ভক্তদের উন্মাদনা মাথায় রেখে কেরালায় কাল সকাল ৬টা থেকেই শুরু হবে ছবিটির প্রথম শো। সান পিকচার্সের ব্যানারে কালানিথি মারান প্রযোজিত এই ছবিটির কেরালা ও কর্ণাটকের ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে শ্রী গোকুলম মুভিজ এবং কেরালার ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে রয়েছে ড্রিম বিগ ফিল্মস। ছবিতে রজনীকান্তের পাশাপাশি একঝাঁক তারকাকে দেখতে পাওয়া যাবে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুরজ ভেঞ্জারামুডু, এস জে সূর্য এবং বিদ্যা বালান। এছাড়াও মিঠুন চক্রবর্তী, যোগী বাবু এবং হাকিম শাহজাহানের মতো অভিনেতারাও স্টার কাস্টে রয়েছেন। ছবির প্রথম পার্টের মতো দ্বিতীয় পার্বেও দুর্দান্ত মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। সব মিলিয়ে বড় পর্দায় এই ছবি এক নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় রয়েছে।