বিদেশ থেকে ৬০ টন সোনা ভারতে ফেরাচ্ছে RBI, চমকে দেবে রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট

বিদেশ থেকে সোনা ফেরানোর ক্ষেত্রে বড় সাফল্য পেল ভারত। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড থেকে বিপুল পরিমাণ সোনা দেশে ফিরিয়ে এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২৪ সালে দেশে সংরক্ষিত সোনার রিজার্ভের অনুপাত ছিল ৪৭ শতাংশ। টানা সোনা ফেরানোর ফলে ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ শতাংশে।

সম্প্রতি লন্ডন থেকে আরও একটি বড় চালান দেশে এসেছে। আরবিআই-এর তথ্য অনুযায়ী, ইংল্যান্ড থেকে ৬০ টনেরও বেশি সোনা ফিরিয়ে আনা হয়েছে। তবে একটি দিক বেশ কৌতূহল জাগিয়েছে। ভারতে মজুত সোনার পরিমাণ বাড়লেও, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার অংশ কমেছে। সেপ্টেম্বরের শেষে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার অংশ দাঁড়িয়েছে ১৪.৩৮ শতাংশে, যা ছয় মাস আগে ছিল ১৬.৭ শতাংশ।

রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর মাসের শেষে ভারতের মোট সোনার মজুত ছিল ৮৮০.৫২ মেট্রিক টন। এর মধ্যে ৭৪০.১৩ মেট্রিক টন সোনা, অর্থাৎ মোট পরিমাণের ৮৪ শতাংশ দেশের ভেতরেই রাখা রয়েছে। বাকি ১৪০.৩৯ মেট্রিক টন সংরক্ষিত আছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসে।

হিসাব বলছে, ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ৬০ টনেরও বেশি সোনা দেশে এনেছে আরবিআই। ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক ঝুঁকির প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গত দুই বছর ধরেই ধারাবাহিকভাবে বিদেশ থেকে সোনা ফেরাচ্ছে ভারত।

সরকারি তথ্য অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক তাদের সোনার মজুত মুম্বই এবং নাগপুরের কড়া নিরাপত্তায় ঘেরা ভল্টে সংরক্ষণ করে। সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, আরবিআই-এর মোট ৮৮০.৫২ টন সোনার মধ্যে ৭৪০.১৩ টন (প্রায় ৮৪ শতাংশ) রয়েছে ভারতে এবং ১৪০.৩৯ টন বিদেশে।