ডিলিমিটেশন বিলে কি সমর্থন দেবে ডিএমকে? স্ট্যালিনের দাবি মিটতেই বড় মোড়!

কেন্দ্রের সংশোধিত ডিলিমিটেশন বিলে শেষমেশ সমর্থন জানাতে পারে ডিএমকে? অন্তত তেমনটাই ইঙ্গিত মিলছে সূত্র মারফত। দলের শীর্ষ সূত্র ‘ইন্ডিয়া টুডে’-কে জানিয়েছে যে, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন যে দাবিগুলি তুলেছিলেন, সরকার সেগুলির সমাধান করেছে। দল এই বিলে সমর্থন করবে কি না, তা সরাসরি জানতে চাওয়া হলে সূত্রের জবাব, “মনে তো তাই হচ্ছে।” রাজ্যগুলির মধ্যে আসনের বর্তমান আনুপাতিক ভাগ বজায় রেখে লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর লক্ষ্যে প্রস্তাবিত ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে তীব্র রাজনৈতিক দরকষাকষির মাঝেই এই মন্তব্য সামনে এল। ২০২৯ সাল থেকে লোকসভা ও রাজ্যের বিধানসভাগুলিতে ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর করার পরিকল্পনার সঙ্গে এই প্রস্তাবিত আসন বৃদ্ধিকে যুক্ত করেছে কেন্দ্র। সংবিধান সংশোধনী পাশ করাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের অন্তত দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন হওয়ায়, ডিএমকে-র এই ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। লোকসভায় ডিএমকে-র ২২ জন সাংসদ রয়েছেন, যাঁদের ভোট আসন্ন সংসদীয় অধিবেশনে নির্ণায়ক হয়ে উঠতে পারে।
শুক্রবারই স্ট্যালিন ফের স্পষ্ট করেছিলেন যে, লোকসভার প্রস্তাবিত আসন সংখ্যা বাড়ানো হলেও তামিলনাড়ুকে তাদের ৭.১৮ শতাংশ আসনের ভাগ ধরে রাখতে হবে। পাশাপাশি, ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে সংসদীয় আসনের বর্তমান যে বণ্টন ব্যবস্থা রয়েছে, তা আরও ২৫ বছরের জন্য অপরিবর্তিত (ফ্রিজ) রাখার দাবিও জানিয়েছিলেন তিনি। স্ট্যালিনের কথায়, “ডিএমকে এই দুটি দাবিতে অনড় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি এবং কোনওরকম আপসের প্রশ্নই ওঠে না।” তামিলনাড়ুর প্রতিনিধিত্বের বর্তমান ভাগ কেন্দ্র সুরক্ষিত রাখলে ডিএমকে এই আইনকে সমর্থন করার কথা ভাবতে পারে—এমন জল্পনার মধ্যেই স্ট্যালিন এই মন্তব্য করেছিলেন। ডিলিমিটেশন নিয়ে ডিএমকে-ই প্রথম রাজনৈতিক দল হিসেবে উদ্বেগ প্রকাশ করেছিল বলেও দাবি করেন তিনি। ডিএমকে সূত্রের সাম্প্রতিক এই বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে যে, কেন্দ্রের সংশোধিত প্রস্তাবে তাদের নেতৃত্বের উদ্বেগগুলি মিটেছে বলে মনে করছে দল। তবে বিলের বিষয়ে ডিএমকে-র আনুষ্ঠানিক অবস্থান সংসদে তারা কী পদক্ষেপ নেয়, তা থেকেই স্পষ্ট হবে।
ডিএমকে সূত্রের খবর, লোকসভায় ৫০ শতাংশ আসন বৃদ্ধির প্রস্তাবকে সমর্থন করার জন্য দলের কাছে আর্জি জানিয়েছে বিজেপি—এই যুক্তিতে যে, তা না হলে কেন্দ্র জনসংখ্যাভিত্তিক ডিলিমিটেশনের পথে হাঁটতে পারে। বিজেপি নাকি ডিএমকে-কে জানিয়েছে যে, তারা ৮৪তম সংবিধান সংশোধনীর কাঠামোর অধীনেই এগোতে পারে এবং এই প্রক্রিয়া কার্যকর করতে সংসদে কেবল সাধারণ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হবে। সূত্রগুলি জানিয়েছে, দক্ষিণের অন্যান্য দলগুলির কাছেও একই যুক্তি তুলে ধরেছে বিজেপি—যে বিলের বিরোধিতা করে কংগ্রেসের পক্ষ নিলে তা ওই অঞ্চলের স্বার্থের বিরুদ্ধে যাবে। জনসংখ্যাভিত্তিক ডিলিমিটেশনের বিরুদ্ধে দক্ষিণ ভারতের রাজ্যগুলির দীর্ঘদিনের বিরোধিতার প্রেক্ষাপটেই এই তৎপরতা দেখা যাচ্ছে। গত এপ্রিলে সংবিধানের (১৩১তম সংশোধনী) বিলটি পরাস্ত করতে বিরোধীরা একজোট হলে, কেন্দ্রের আগের ওই সংবিধান সংশোধনীর বিরুদ্ধে ভোট দিয়েছিল ডিএমকে।
এদিকে, মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বাধীন শাসকদল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভি-কে) প্রকাশ্যে ঘোষণা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে, ডিএমকে সাংসদরা প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে ভোট দেবেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে শাসকদলটি ডিএমকে-কে বলেছে, “ডিলিমিটেশন নিয়ে একটি স্পষ্ট ও ধারাবাহিক অবস্থান প্রকাশ্যে ঘোষণা করুন।” রাজনৈতিক সুবিধার্থে ডিএমকে অবস্থান বদলাচ্ছে বলে অভিযোগ তুলে টিভি-কে বলেছে, বিলের বিরুদ্ধে ভোট দিয়ে তামিলনাড়ু ও অন্যান্য দক্ষিণী রাজ্যের প্রতি নিজেদের অঙ্গীকার প্রমাণ করতে হবে ডিএমকে-কে। ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংক্ষিপ্ত সংসদ অধিবেশনের আগেই এই বিতর্ক ফের কেন্দ্রে উঠে এসেছে। প্রস্তাবিত ফর্মুলায় লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা ৮৫০-তে বাড়ানোর পথ প্রশস্ত হবে এবং আসনের অনুপাত অপরিবর্তিত রেখে প্রতিটি রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়ানো হবে, ফলে তা জনগণনার সঙ্গে যুক্ত থাকবে না।