ডিসেম্বরেই কাঁপাবে শীত! বাংলায় একধাক্কায় নামবে রাতের পারদ!

নভেম্বরের শেষ লগ্নে ক্রমশ বদলাচ্ছে বাংলার আবহাওয়া। রাজ্যে ক্রমশ নামছে পারদ, বাড়ছে শীতের শিরশিরানি। এরই মধ্যে দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ইঙ্গিত মিলেছে। তবে হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, এর জেরে শনিবার উত্তর কিংবা দক্ষিণবঙ্গ, কোথাওই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন তাপমাত্রা মোটের ওপর একইরকম থাকলেও, ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোলেই গোটা রাজ্যে শীতের দাপট অনেকটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার শহর কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই আবহাওয়া খটখটে শুষ্ক থাকবে। ভোর ও সকালের দিকে কিছু জায়গায় হালকা কুয়াশার চাদর দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনো আশঙ্কা নেই। তবে পার্বত্য অঞ্চল ও সমতলের তাপমাত্রার মধ্যে উল্লেখযোগ্য ফারাক বজায় রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের পাহাড়ে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে, সেখানে সমতলের কোচবিহারে সর্বনিম্ন পারদ রেকর্ড হয়েছে ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রায় বড় কোনো হেরফের ঘটবে না, পারদ স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। তবে আগামী ৪ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে দুই বঙ্গেই রাতের তাপমাত্রা একধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। ফলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই বাংলায় পুরোদমে কনকনে শীত পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।