শীতের পথে কাঁটা হতে পারে ঘূর্ণিঝড় ‘কানি’? ডিসেম্বরের শুরুতে আবহাওয়া বদলের ইঙ্গিত

উত্তুরে হাওয়ার দাপটে মরশুমের প্রথম শীতের আমেজে কাঁপছে গোটা বাংলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে রাজ্যে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে তাপমাত্রা। সোমবার কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা একধাক্কায় কমে ১৯ ডিগ্রিতে নামে এবং বুধবার রাতে পারদ আরও নেমে দাঁড়িয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশে মিঠে রোদের পাশাপাশি বইছে হিমেল হাওয়া। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে অবাধে উত্তুরে হাওয়া প্রবেশ করবে এবং শীতের আমেজ বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং সপ্তাহের শেষের দিকে দিনের তাপমাত্রাও আরও কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রাতের পারদ নিম্নমুখী। নতুন করে বড়সড় পারদ পতনের পূর্বাভাস না থাকলেও শুক্রবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য ও সমতলের সব জেলাতেই শীতের আমেজ জমে উঠেছে। তবে ভোরের দিকে কুয়াশার দাপট বাড়বে এবং কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
তবে শীতপ্রেমীদের এই স্বস্তির পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে বঙ্গোপসাগরের সম্ভাব্য আবহাওয়া বদল। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৯ নভেম্বর দক্ষিণ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা শক্তি বাড়িয়ে ৩ ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড় কানি-তে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ৪ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে বাংলার বাতাসে জলীয় বাষ্প ঢুকতে শুরু করলে সাময়িকভাবে শীতের আমেজে ভাটা পড়তে পারে। যদিও ঘূর্ণিঝড়টির অভিমুখ ঠিক কোন দিকে থাকবে এবং পশ্চিমবঙ্গে এর কতটা প্রভাব পড়বে, তা এখনই স্পষ্ট নয়।