‘যুবসাথী’ বদলে ‘ভরসা’, জানুয়ারিতেই অ্যাকাউন্টে ২০০০ টাকা! কিন্তু মানতে হবে কড়া শর্ত

বিধানসভা ভোটের আগে চালু হওয়া ‘যুবসাথী’ প্রকল্পের নাম বদলে ‘ভরসা’ করল রাজ্য সরকার। আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের অ্যাকাউন্টে ভাতা দেওয়া শুরু হবে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সংকল্প পত্রের প্রতিশ্রুতির চেয়ে আপাতত ভাতার অঙ্ক কিছুটা কম থাকছে বলে স্পষ্ট করেছেন তিনি।
কারা কত টাকা পাবেন?
মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৫ মাস— অর্থাৎ ২০২৭ সালের ১২ মাস এবং ২০২৮ সালের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ পর্যন্ত স্নাতক এবং সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট বা আইটিআই-এ কারিগরি প্রশিক্ষণ নেওয়া পড়ুয়ারা প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন। বাকিরা পাবেন মাসে ১৫০০ টাকা।
কেন সংকল্প পত্রে ঘোষিত ৩০০০ ও ২০০০ টাকার বদলে আপাতত এই অঙ্ক, তার ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “আমরা সংকল্প পত্রে বলেছিলাম গ্র্যাজুয়েটদের জন্য ৩০০০ এবং যাঁরা গ্র্যাজুয়েট নন তাঁদের জন্য ২০০০ টাকা দেব। কিন্তু এই মুহূর্তে আমরা অনেকগুলো নতুন স্কিম নিয়েছি, ডিএ দিয়েছি, এরিয়ার ডিএ মিটিয়েছি। অনেক অর্থনৈতিক দায়িত্ব তো আমাদের উপর পড়েছে।” তিনি আরও বলেন, “আমরা আপনাদের কাছ থেকে সরি বলে ১৫ মাস সময় চেয়ে নিলাম যে ৩০০০, ২০০০ এই মুহূর্তে দিতে পারলাম না। এই ১৫ মাস আপনারা ২০০০ আর দেড় হাজার নিন।” তবে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী ৩০০০ ও ২০০০ টাকা করেই দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পুরনো তালিকা যাচাই ও বাদ পড়ার শর্ত
ভোটের চার মাস আগে ২১ থেকে ৪৫ বছর বয়সি প্রায় ৫৪ লক্ষ যুবক-যুবতীকে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হয়েছিল। সেই তালিকার ডিজিটাইজড আবেদনগুলির যাচাই প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
নতুন নিয়মে একাধিক শর্তও জুড়ে দেওয়া হয়েছে:
একটি পরিবারে সর্বোচ্চ দু’জন এই ভাতা পাবেন।
যাঁরা অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা ভাতা পাচ্ছেন, তাঁরা ভরসা প্রকল্পের টাকা পাবেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “যারা অন্নপূর্ণা যোজনায় পেয়েছেন বোনেরা তারা এই ভাতা পাবেন না। তারা অন্নপূর্ণাই পাবেন যেহেতু সেটা হায়ার আছে ৩০০০ টাকা।”
ইতিমধ্যেই ২ লক্ষ ৫২ হাজার ৯৩০ জন অন্নপূর্ণার সুবিধাভোগী এবং মাধ্যমিকের নীচে যোগ্যতা থাকা ১ লক্ষ ১৬ হাজার ৬২৫ জনকে আলাদা করার কাজ চলছে। যাঁরা শিক্ষাগত যোগ্যতা জানাননি, তাঁদের তা জানানোর সুযোগ দেওয়া হচ্ছে।
৪৫ বছর পেরোলে বা চাকরি পেলে তালিকা থেকে নাম বাদ যাবে।
নতুন আবেদন ও নিয়োগের বার্তা
যাঁরা আগে আবেদন করেননি বা বাদ পড়েছেন, তাঁরা ‘আপনার সরকার আপনার পাশে’ বা সিএমআরও-র গ্রিভেন্স সেলে বয়স ও যোগ্যতার নথি দিয়ে আবেদন করতে পারবেন। নোডাল দফতর হিসেবে যুব কল্যাণ দফতর সেই আবেদন খতিয়ে দেখবে এবং প্রতি ১৫ দিন অন্তর তালিকা সংশোধন করা হবে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে পেমেন্টের সময় তালিকা যুক্ত ও বিয়োগের কাজ চলবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এ দিনের সাংবাদিক বৈঠক থেকে রাজ্যে কর্মসংস্থানের প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্য পুলিশের ১৩৩১ জন সাব-ইন্সপেক্টর, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে কলকাতা পুলিশের ৪০০০ কনস্টেবল নিয়োগ এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও এগোচ্ছে।