জার্মানিতে থাকলেও নিস্তার নেই? ধ্রুব রাঠীকে নিয়ে দিল্লির আদালতের কড়া নির্দেশে শোরগোল

ফের বড়সড় আইনি বিপাকে জড়ালেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী। ২০১৮ সালের একটি পুরনো মানহানির মামলায় সোমবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির একটি আদালত। বিকাশ সংস্কৃতায়ন নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরনো এই মামলাকে ঘিরে নতুন করে আইনি চাপ বাড়ায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
মামলার বিবরণ অনুযায়ী, অভিযোগকারী বিকাশ সংস্কৃতায়নের দাবি, বর্তমানে জার্মানিতে বসবাসকারী ধ্রুব রাঠী ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ শিরোনামে একটি ভিডিও তৈরি করে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলেন। অভিযোগকারীর বক্তব্য, ওই ভিডিওটিতে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা ও মানহানিকর অভিযোগ তোলা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই ২০১৮ সালে মানহানির মামলাটি দায়ের করা হয় এবং দীর্ঘদিন ধরে তা বিচারাধীন রয়েছে।
এদিন দিল্লির সাকেত আদালতের ডিউটি ম্যাজিস্ট্রেট তথা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনাম রইস খান ধ্রুব রাঠীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। পাশাপাশি মামলার পরবর্তী শুনানির দিন আগামী ৩ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আদালত সূত্রে জানা গিয়েছে, এই মামলার মূল বিচারক এদিন ছুটিতে থাকায় ডিউটি ম্যাজিস্ট্রেট বিষয়টি দেখেন এবং এই আদেশ দেন।
এর আগে গত অক্টোবর মাসে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহুল জৈন ধ্রুব রাঠীর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করেছিলেন। সেই সময় আদালতে জানানো হয়েছিল যে, ধ্রুবকে নোটিশ পাঠানোর চেষ্টা করা হলেও তাঁর বাড়ি বা সংশ্লিষ্ট ঠিকানা তালাবন্ধ অবস্থায় পাওয়া গিয়েছে। ফলে আইনি প্রক্রিয়া বাস্তবায়নে জটিলতা তৈরি হয়।
মূলত অভিযোগকারীর আবেদনের ভিত্তিতেই এই আইনি পদক্ষেপে গতি আসে। অভিযোগকারী মামলার শুনানি এগিয়ে আনার আর্জি জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, ধ্রুব রাঠী সাধারণত বিদেশে বসবাস করলেও সেই সময়ে তিনি ‘সিজেপি আন্দোলন’ সংক্রান্ত বিষয়ে ভারতে উপস্থিত ছিলেন। তাই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব বলে দাবি করেন অভিযোগকারী।
অভিযোগকারী আদালতে আরও জানান যে, ধ্রুব বিদেশে থাকার কারণে গত কয়েক বছর ধরে তাঁকে সমন পাঠানোর প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছিল। দ্রুত সমন জারির ব্যবস্থা করতে তিনি নতুন করে সমন ইস্যু করার আবেদন জানান। পাশাপাশি হরিয়ানায় ধ্রুব রাঠির বাসভবনের ঠিকানা সংক্রান্ত তথ্যও তাঁর কাছে রয়েছে বলে আদালতে দাবি করেন অভিযোগকারী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রথমে নতুন সমন, পরে জামিনযোগ্য পরোয়ানা এবং সর্বশেষ জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। এখন ৩ ডিসেম্বরের শুনানিতে এই মামলায় কী নতুন মোড় আসে, সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।