চোখের জলে জড়িয়ে ধরলেন ভক্তরা! ‘সাধক বামাক্ষ্যাপা’ দেখেই এ কী কাণ্ড ঘটালেন দর্শকরা?

কথায় আছে, সবুরে মেওয়া ফলে। পরিচালক সায়ন্তন ঘোষালের ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির ক্ষেত্রেও যেন ঠিক সেটাই সত্যি হলো। কালীপুজোর আগে গত ৫ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, ‘রামায়ণ’ ছবির কথা মাথায় রেখে মুক্তির দিন পিছিয়ে ২০ নভেম্বর করা হয়। তবে দেরিতে এলেও বড়পর্দায় মুক্তি পেতেই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে দিয়েছে ছবিটি। বামাক্ষ্যাপার ভূমিকায় অভিনেতা সব্যসাচী চৌধুরীর অভিনয় দেখে রীতিমতো আবেগে ভাসছেন সাধারণ মানুষ।
হল ভিজিটে অভাবনীয় দৃশ্য, পায়ে লুটিয়ে পড়লেন দর্শকরা দীর্ঘদিন ছোটপর্দায় বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে নিজেকে সেই ছাঁচেই গড়ে তুলেছিলেন সব্যসাচী। বড়পর্দায় তাঁর সেই নিখুঁত অভিনয় দেখে দর্শকরা যেন সাক্ষাৎ বামদেবকেই খুঁজে পাচ্ছেন। সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)-এর সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে হল ভিজিটে যাওয়া সব্যসাচীকে ঘিরে দর্শকদের আবেগের বিস্ফোরণ দেখা গিয়েছে।
সিনেমা শেষ হওয়ার পর সামনে অভিনেতাকে দেখেই আবেগ ধরে রাখতে পারেননি উপস্থিত দর্শকরা। কেউ ছুটে এসে সব্যসাচীকে জড়িয়ে ধরেন, আবার কেউ তাঁকে সাক্ষাৎ বামদেব মনে করে পায়ে লুটিয়ে পড়ে আশীর্বাদ চান। চোখের জলে ভক্তরা জানান, ছবিটি তাঁদের হৃদয় ছুঁয়ে গিয়েছে। এর আগে বোলপুরে ছবির প্রিমিয়ারেও ঠিক একই দৃশ্য দেখা গিয়েছিল। দর্শকদের এই অভাবনীয় ভালোবাসায় রীতিমতো অভিভূত সব্যসাচী নিজেও। শো শেষে সকলে মিলে অভিনেতার সঙ্গে গলা মিলিয়ে ‘জয় তারা’ ধ্বনি তোলেন।
টলিউড তারকাদের প্রশংসায় পঞ্চমুখ সব্যসাচী শুধু সাধারণ দর্শকই নন, টলিউডের প্রথম সারির তারকা ও পরিচালকরাও ছবিটির ভূয়সী প্রশংসা করছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক সৃজিত বসু—সকলেই সব্যসাচীর অভিনয়ের তারিফ করেছেন। ইন্ডাস্ট্রির অনেকেরই মত, বড়পর্দায় বামাক্ষ্যাপার মতো এমন একটি কঠিন ও আধ্যাত্মিক চরিত্র ফুটিয়ে তোলার জন্য সব্যসাচীই ছিলেন একমাত্র যোগ্য পছন্দ।
দেড় বছরের পরিশ্রম, প্রচারেও ছিল অভিনবত্ব তারাপীঠ, মা তারা এবং সাধক বামাক্ষ্যাপার সাধনজীবন ও ভক্তির যাত্রাকে বিশাল ক্যানভাসে তুলে ধরা হয়েছে এই ছবিতে। আজকাল যেখানে অধিকাংশ বাংলা ছবির শ্যুটিং ১৫ থেকে ১৬ দিনের মধ্যে শেষ হয়ে যায়, সেখানে ‘সাধক বামাক্ষ্যাপা’র শ্যুটিং চলেছে প্রায় দেড় বছর ধরে।
বড়পর্দায় প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করার গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন সব্যসাচী। পাশাপাশি ছবির প্রচারেও ছিল ভিন্নধারার ছোঁয়া—তারাপীঠ মহাশ্মশানে ট্রেলার লঞ্চ থেকে শুরু করে বোলপুরে প্রিমিয়ার, সবেতেই ছিল চমক। দীর্ঘ প্রতীক্ষার পর ২০ নভেম্বর মুক্তি পেয়ে প্রথম দিন থেকেই দর্শক ও সমালোচকদের ভালোবাসা কুড়িয়ে চলেছে এই ছবি।