‘এটা স্রেফ একটা শো!’ কাজির ভক্তদের ওপর কেন গর্জে উঠলেন করণ ওয়াহি?

বিগ বসের ঘরে প্রতিযোগীদের মধ্যে কথার লড়াই নতুন কিছু নয়। কিন্তু সেই দ্বন্দ্ব যখন রিয়্যালিটি শোয়ের গণ্ডি পেরিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন তার আঁচ লাগে বাইরের দুনিয়াতেও। এবার তেমনই এক বিতর্কের মুখে পড়েছেন অভিনেতা করণ ওয়াহি। ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী কাজী তৌকিরের খেলার ধরন নিয়ে প্রশ্ন তোলার পর কাজীর অনুরাগীদের একাংশের আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। এর জবাবে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন করণ।
‘উইকেন্ড কা ভার’-এর সাম্প্রতিক পর্বে সলমন খানের সামনে কাজির খেলার কৌশল নিয়ে নিজের মতামত তুলে ধরেছিলেন করণ। তাঁর মতে, কাজী দর্শকদের বিনোদন দিতে পারলেও বিগ বসের ঘরে তাঁর প্রকৃত ব্যক্তিত্ব কতটা সামনে আসছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে কাজির প্রতিক্রিয়ার পুনরাবৃত্তি এবং অবস্থান স্পষ্ট করার ধরন নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। করণের ইঙ্গিত ছিল, সব বিষয়ে কাজি সমানভাবে সরব হচ্ছেন কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
তবে করণের এই মূল্যায়নের সঙ্গে একমত হননি কাজি নিজেই। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, পরিস্থিতি অনুযায়ী তাঁর ব্যক্তিত্বের প্রকাশ ভিন্ন হতে পারে এবং যে বিষয়ে কথা বলা জরুরি মনে করেন, সেখানেই তিনি মুখ খোলেন। একই প্রশ্নে কাজিকে নিয়ে করণের মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেননি অভিনেত্রী উদিতি সিংও। তাঁর মতে, কাজী নিজের মতামত প্রকাশে যথেষ্ট স্পষ্টভাষী।