শীতে ইলেকট্রিক কম্বল ব্যবহার করছেন? এই ছোট ভুলটি ডেকে আনতে পারে বড় বিপদ!

শীত বাড়তেই প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই লেপ, কম্বল বা রুম হিটারের পাশাপাশি বৈদ্যুতিক কম্বলের (Electric Blanket) দিকে ঝুঁকছেন। বিশেষ করে যেসব এলাকায় শীতের তীব্রতা বেশি এবং ঘরে হিটিংয়ের ব্যবস্থা নেই, সেখানে এর ব্যবহার বাড়ছে। ভেতরে থাকা হিটিং তারের মাধ্যমে বিদ্যুৎ থেকে তাপ তৈরি করে এই কম্বল, যার কিছু ধরন বিছানায় পাতার জন্য তৈরি এবং কিছু গা ঢাকার কাজে লাগে।
সামান্য ভুলেই বড় ঝুঁকি
শিশু থেকে শুরু করে বয়স্ক— শীতের আরামের জন্য অনেকেই বৈদ্যুতিক কম্বল ব্যবহার করেন। কিন্তু সামান্য অসাবধানতা বা ভুল ব্যবহারে বৈদ্যুতিক শক, পুড়ে যাওয়া এমনকি অগ্নিকাণ্ডের মতো গুরুতর বিপদও ঘটতে পারে। পুরনো বা ক্ষতিগ্রস্ত কম্বল ব্যবহার করা, ভাঁজ বা কুঁচকে থাকা অবস্থায় চালানো কিংবা তারে ত্রুটি থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়।
নিরাপদ ব্যবহারে কী খেয়াল রাখা জরুরি?
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বৈদ্যুতিক কম্বল ব্যবহারের আগে তার, কন্ট্রোলার ও কাপড়ে কোনও পোড়া দাগ, ফাটা বা ক্ষয় আছে কি না তা দেখে নেওয়া উচিত। ব্যবহারের সময় কম্বল সমানভাবে বিছিয়ে রাখা, অতিরিক্ত ভারী জিনিস না চাপানো এবং ভেজা বা স্যাঁতসেঁতে অবস্থায় না চালানোর পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি শিশু, বয়স্ক বা তাপমাত্রার পরিবর্তন বুঝতে অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা ও প্রস্তুতকারকের নির্দেশিকা মেনে চলা জরুরি।