আলু নয়, ভেতরে ঝাল নুডলস! সঞ্জীব কাপুরের চাইনিজ ব্রেড পাকোড়ায় শীতের সন্ধ্যা জমবেই

শীতের সন্ধ্যা বা হালকা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম ব্রেড পাকোড়ার কদর আলাদা। সাধারণত পাউরুটির ভেতরে আলুর পুর দিয়েই এই জনপ্রিয় স্ন্যাকস তৈরি করা হয়। তবে সেই চেনা পথে না হেঁটে ব্রেড পাকোরায় চাইনিজ স্বাদের ছোঁয়া এনেছেন শেফ সঞ্জীব কাপুর। আলুর পরিবর্তে নুডলস আর সসের পুর দিয়ে তৈরি এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়।
বাইরের মুচমুচে বেসনের আবরণ আর ভেতরে নরম নুডলস, সবজি ও সসের ঝাঁঝালো মিশ্রণ এই পাকোড়াকে আলাদা মাত্রা দেয়। ছোট থেকে বড়, বাড়ির সবার কাছেই এই নতুন স্বাদের স্ন্যাকস বেশ পছন্দ হতে পারে।
পাকোড়ার জন্য প্রয়োজনীয় উপকরণ
পুর এবং পাকোড়া তৈরির জন্য লাগবে ৮ টুকরো সাদা পাউরুটি, ১০০ গ্রাম সেদ্ধ নুডলস এবং ভাজার জন্য পরিমাণমতো তেল। পুরের জন্য নিন ২ টেবিল চামচ তেল, ২ টেবিল চামচ কুচানো রসুন, ১ টেবিল চামচ কুচানো আদা, ১টি কুচানো কাঁচা মরিচ এবং ১ টেবিল চামচ কুচানো সেলারি ডাঁটা। সবজির মধ্যে লাগবে আধাটি ছোট বাঁধাকপি কুচানো এবং ১টি মাঝারি গাজর পাতলা করে কাটা। সস ও মশলার জন্য রাখুন ২ টেবিল চামচ শেজওয়ান সস, ২ চা চামচ লাল মরিচের সস, ১ চা চামচ সয়া সস, ২ চা চামচ ভিনেগার এবং স্বাদমতো লবণ। পরিবেশনের জন্য সঙ্গে রাখতে পারেন টমেটো কেচাপ।
ব্যাটারের উপকরণ
বাইরের আবরণ তৈরির জন্য লাগবে ২ কাপ বেসন, দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়ো, এক চতুর্থাংশ চা চামচ আজওয়াইন, স্বাদমতো লবণ এবং এক চিমটি বেকিং সোডা।
পুর ও ব্যাটার তৈরির পদ্ধতি
প্রথমে পুর বানিয়ে নিতে হবে। একটি নন-স্টিক প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে কুচানো রসুন, আদা, কাঁচা মরিচ এবং সেলারি দিয়ে ১ থেকে ২ মিনিট নেড়ে নিন। এরপর কুচানো বাঁধাকপি, গাজর, সেদ্ধ নুডলস এবং শেজওয়ান সস দিয়ে আরও ১ মিনিট ভাজুন। এবার লাল মরিচের সস, সয়া সস, ভিনেগার এবং স্বাদমতো লবণ মিশিয়ে ভালোভাবে নাড়ুন। পুর তৈরি হয়ে গেলে পাত্রটি নামিয়ে ঠান্ডা হতে দিন।
অন্য একটি বড় বাটিতে বেসন চেলে নিয়ে তাতে লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়ো, আজওয়াইন, লবণ ও বেকিং সোডা মেশান। পরিমাণমতো জল দিয়ে ভালো করে ফেটিয়ে এমন একটি ব্যাটার তৈরি করুন যা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, যাতে পাউরুটির গায়ে সহজেই আটকে থাকে।
ভাজার নিয়ম
কড়াইতে মাঝারি আঁচে ভাজার জন্য তেল গরম করুন। এক টুকরো পাউরুটির ওপর তৈরি করে রাখা ঠান্ডা নুডলসের পুর সমানভাবে ছড়িয়ে দিন। ওপরে আরেকটি পাউরুটি চাপা দিয়ে হালকা হাতে চেপে দিন। এরপর তৈরি করা বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে সোনালি ও মুচমুচে করে ভেজে তুলে নিন। গরম গরম টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করুন এই চাইনিজ ব্রেড পাকোড়া।