জয়মালার পরই তুমুল নাটক! হবু স্ত্রীকে ঘর থেকে বের করে অন্য মহিলার সঙ্গে আধঘণ্টা বর, বিয়ে ভাঙলেন পাত্রী

বিয়ের মরসুমের মাঝেই চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশের ফিরোজাবাদে। জয়মালা পর্ব মিটে যাওয়ার পর বিয়ের রাতেই হবু স্ত্রীকে ঘর থেকে বের করে দিয়ে অন্য এক মহিলার সঙ্গে আধঘণ্টা সময় কাটানোর অভিযোগ উঠল পাত্রের বিরুদ্ধে। এই ঘটনার পর বিয়ে ভেঙে দিয়ে বিয়ের সাজেই থানায় পৌঁছন ২৪ বছর বয়সী পাত্রী কাজল। ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের উত্তর থানা এলাকার গোপাল ম্যারেজ হোমে।

কীভাবে ঘটল ঘটনা?

জানা গিয়েছে, গত শুক্রবার রাতে ফিরোজাবাদের গোপাল ম্যারেজ হোমে বিয়ের অনুষ্ঠান চলছিল। পাত্রী কাজল এটাহ জেলার বাসিন্দা এবং পাত্র ২৬ বছর বয়সী আকাশ দ্বারকাপুরীর বাসিন্দা। জয়মালা পর্ব সম্পন্ন হওয়ার পরই অশান্তির সূত্রপাত হয়। অভিযোগ, পাত্র আকাশ একটি ঘরে অন্য এক মহিলাকে ডেকে আনেন এবং হবু স্ত্রী কাজলকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর ওই মহিলার সঙ্গে প্রায় আধঘণ্টা ঘরে থাকেন আকাশ। এরপরেই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন পাত্রী।

থানায় পাত্র-পাত্রী, পাল্টাপাল্টি দাবি

বিয়ের পোশাক ও হাতে মেহেন্দি নিয়েই থানায় পৌঁছে পুলিশকে ঘটনার বিবরণ দেন কাজল। তাঁর দাবি, জয়মালার পর যা ঘটেছে, তাতে তিনি আর আকাশকে বিয়ে করতে চান না এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে এমন ঘটনা অন্য কোনও মেয়ের সঙ্গে না ঘটে।

এর কিছুক্ষণ পরই পাগড়ি ও শেরওয়ানি পরে থানায় হাজির হন পাত্র আকাশ এবং সমস্ত অভিযোগ অস্বীকার করেন। আকাশের দাবি, তিনি কোনও ভুল করেননি। যে মহিলা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি তাঁর এক বন্ধুর বোন; গুরুগ্রামে কর্মরত ওই মহিলা কাসগঞ্জে থাকেন এবং বিয়ের অনুষ্ঠানে এসে ফিরে যাওয়ার আগে বিদায় জানাতেই ঘরে এসেছিলেন। ঘরের দরজা বন্ধ করা বা কনেকে বেরিয়ে যেতে বলার অভিযোগও অস্বীকার করে আকাশের দাবি, ক্যামেরাম্যানই কাজলকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন।

অনুষ্ঠানের প্রত্যক্ষদর্শীর বক্তব্য

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সীমা রাঠোরের বক্তব্যে ভিন্ন একটি দিক উঠে এসেছে। তাঁর দাবি, শুরুতে সব স্বাভাবিকই ছিল এবং ছবি তোলার কাজ চলছিল। সেই সময় পাত্র কনেকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন; পরে দু’জন যুবক এক মহিলাকে ঘরের ভেতরে রেখে চলে যান এবং কিছুক্ষণ পর ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকলেও ভেতরে কী হয়েছিল, তা তাঁর জানা নেই বলে জানিয়েছেন সীমা। পুরো বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।