জিমেইল থেকে সার্চ— সবই বিনামূল্যে, তবু কীভাবে কোটি কোটি টাকা কামায় Google?

ছোটখাটো কৌতূহল মেটানো থেকে শুরু করে জটিল সমস্যার সমাধান— দৈনন্দিন জীবনে তথ্য খোঁজার অন্যতম ভরসা গুগল। Google Search, Gmail বা Google Drive-এর মতো বহু পরিষেবা ব্যবহারকারীরা বিনা খরচেই ব্যবহার করতে পারেন। কিন্তু বিনামূল্যে এত পরিষেবা দেওয়ার পরও কীভাবে বিপুল অর্থ উপার্জন করে গুগল, তা অনেকের কাছেই কৌতূহলের বিষয়।
বিজ্ঞাপনই আয়ের মূল ভিত্তি
গুগলের আয়ের সবচেয়ে বড় মাধ্যম হলো বিজ্ঞাপন। গুগলে কোনও কিছু সার্চ করলে ফলাফলের উপরের দিকে অনেক সময় কিছু লিঙ্ক চোখে পড়ে, যেগুলির পাশে ‘Sponsored’ বা ‘Ad’ লেখা থাকে। এগুলি মূলত পেইড বিজ্ঞাপন; নিজেদের পণ্য বা পরিষেবার প্রচারের জন্য বিভিন্ন সংস্থা গুগলকে অর্থ দেয়। উদাহরণ হিসেবে বলা যায়, ১৫ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন খুঁজলে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন সামনে আসতে পারে। বিজ্ঞাপনের ধরন অনুযায়ী ব্যবহারকারীর ক্লিক বা প্রদর্শনের ভিত্তিতে আয় করে গুগল।
ইউটিউব, ক্লাউড ও অন্যান্য খাত
বিজ্ঞাপনের পাশাপাশি গুগলের আয়ের অন্যতম বড় উৎস YouTube। ভিডিও চলাকালীন শুরুতে বা মাঝে যে বিজ্ঞাপনগুলি দেখানো হয়, তার জন্য বিজ্ঞাপনদাতারা অর্থ দেন। সেই সঙ্গে বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার সুবিধা দেওয়া YouTube Premium সাবস্ক্রিপশন থেকেও আয়ের একটি অংশ আসে।
এছাড়াও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির তথ্য সংরক্ষণ, ওয়েবসাইট পরিচালনা ও অনলাইন পরিকাঠামোর জন্য ব্যবহৃত Google Cloud থেকেও বড় অঙ্কের আয় করে সংস্থাটি। পাশাপাশি Google Play Store-এ অ্যাপ, গেম ও ডিজিটাল পরিষেবা কেনাবেচার ক্ষেত্রে নির্ধারিত লেনদেনের একটি ভাগ পায় গুগল। অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক ক্ষেত্রে পেশাদার ব্যবহারের জন্য Google Workspace-এর (Gmail, Docs, Sheets, Drive) সাবস্ক্রিপশন পরিষেবা থেকেও আয় যুক্ত হয়।
সব মিলিয়ে, সাধারণ ব্যবহারকারীদের কাছে অনেক পরিষেবা বিনামূল্যে মনে হলেও বিজ্ঞাপন, সাবস্ক্রিপশন, ক্লাউড পরিষেবা এবং ডিজিটাল লেনদেনের সমন্বয়েই গড়ে উঠেছে গুগলের বিশাল বাণিজ্যিক কাঠামো।