একা সান ফ্রান্সিসকো ঘুরতে চান? গোল্ডেন গেট থেকে ফুড ওয়াক— জেনে নিন দারুণ সব আইডিয়া!

আপনি যদি একা ভ্রমণ করতে ভালোবাসেন, তবে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহর হতে পারে দারুণ একটি গন্তব্য। একক ভ্রমণকারীদের জন্য এই শহরে রয়েছে নানা ধরনের অভিজ্ঞতার সুযোগ— তা সে মনোরম বাইকিং ট্রেইল হোক, জলপ্রান্তের আকর্ষণ, শিল্প জাদুঘর কিংবা স্থানীয় খাবারের ঠিকানা।
একা ভ্রমণের সবচেয়ে বড় সুবিধা হলো, নিজের পছন্দ ও ছন্দ অনুযায়ী দিন সাজিয়ে নেওয়া যায় এবং নিজের গতিতে শহরটি ঘুরে দেখা সম্ভব হয়। সান ফ্রান্সিসকো একা ঘুরতে গেলে কী কী উপায় অবলম্বন করতে পারেন, তারই কিছু ঝলক রইল।
গাইডেড ট্যুর দিয়ে শুরু করুন
যারা প্রথমবার সান ফ্রান্সিসকোতে যাচ্ছেন, তাদের জন্য শহর চেনার একটি সহজ উপায় হলো গাইডেড ট্যুর। ফিশারম্যান’স ওয়ার্ফ থেকে শুরু হওয়া বিগ বাস ট্যুর বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ পার হওয়ার পাশাপাশি প্রায় ২০টি দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখায়।
পায়ে হেঁটে শহর অন্বেষণ করতে চাইলে চায়নাটাউন ফুড ওয়াক বা সান ফ্রান্সিসকো ঘোস্ট হান্ট ওয়াকিং ট্যুরে অংশ নেওয়া যেতে পারে। এসব ট্যুর শহরের ইতিহাস ও স্থানীয় গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এ ছাড়া সাইক্লিং ট্যুর ও নৌবিহারও শহরকে নতুনভাবে দেখার সুযোগ করে দেয়। যারা মোটরসাইকেল পছন্দ করেন, তাদের জন্য বে এরিয়ায় পুরো দিন বা একাধিক দিনের বাইক ট্যুরের আয়োজন করে নেটিভ মোটো অ্যাডভেঞ্চারস।
বাইরে সময় কাটান
একক ভ্রমণকারীদের জন্য সান ফ্রান্সিসকোতে বেশ কিছু খোলা জায়গাও রয়েছে। গোল্ডেন গেট পার্কে সাইকেল চালানোর পর খোলা আকাশের নিচে বনভোজন করে সময় কাটানো যায়। পাশাপাশি শহরের অতীত ইতিহাসের ছোঁয়া পেতে এবং সমুদ্রের দৃশ্য উপভোগ করতে সুট্রো বাথসের ধ্বংসাবশেষ ঘুরে দেখার সুযোগও রয়েছে।