বাণিজ্যিক বিমানে দিল্লি পৌঁছলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ! মোদীর সঙ্গে বৈঠকে কোন বড় সমঝোতা হতে চলেছে?

দু’দিনের রাষ্ট্রীয় সফরে রবিবার নয়াদিল্লিতে পৌঁছলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আসা এই সফরে দুই দেশের মধ্যে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা, আন্তর্জাতিক সীমান্ত যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের মার্চ মাসে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই বালেন্দ্র শাহের প্রথম সরকারি দ্বিপাক্ষিক বিদেশ সফর। এর আগে গত সেপ্টেম্বর মাসে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেও সেটি ছিল জাতিসংঘের অধিবেশন সংক্রান্ত সফর, কোনও দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর নয়।

৩৬ বছর বয়সি বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামেই বেশি পরিচিত, নেপালে তাঁর সরকারের চালু করা নতুন নিয়ম মেনেই নিয়মিত চলাচলকারী বাণিজ্যিক বিমানে করে ভারতে এসেছেন। তাঁর সঙ্গে এই সফরে এসেছেন ৩৪ সদস্যের একটি প্রতিনিধিদল, যেখানে প্রধান উপদেষ্টা কুমার ব্যঞ্জনকর, অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং বিদেশমন্ত্রী শিশির খানাল রয়েছেন। পাশাপাশি, শিল্পপতিদের একটি পৃথক দলও ভারত সফরে এসেছে।

সফরসূচি অনুযায়ী, বালেন্দ্র শাহ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে।

এই সফরে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিকগুলি পর্যালোচনা করা হবে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ, বাণিজ্য, ট্রানজিট, জ্বালানি ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে। নেপালের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, দুই দেশ একাধিক জ্বালানি সহযোগিতা প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে আলোচনা করবে।

নেপালের বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এই সফরের সময় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মহাকাশ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবসম্পদ উন্নয়ন-সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এ ছাড়া নেপালে আরও বেশি করে ভারতীয় বিনিয়োগ টানার লক্ষ্যে বালেন্দ্র শাহ ‘নেপাল-ভারত বাণিজ্যিক ফোরাম’-এ বক্তব্য রাখবেন এবং ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

Pratik Saha
  • Pratik Saha