‘মার্কিন অবরোধ যুদ্ধেরই শামিল, ভাঙতে যে কোনও পথ নেব!’ ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি ইরানের, খুলবে হরমুজ প্রণালী?

আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাতের পারদ ফের চরমে। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক অবরোধকে সরাসরি ‘শত্রুতামূলক পদক্ষেপ’ বলে তীব্র আক্রমণ শানালেন ইরানের উপ-বিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। রবিবার তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন, এই অবরোধ ভাঙতে তেহরান প্রয়োজনীয় যে কোনও পদক্ষেপ গ্রহণ করতে পিছপা হবে না।

কাজেম ঘারিবাবাদি বলেন, “আমরা এই অর্থনৈতিক অবরোধকে শত্রুতাপূর্ণ পদক্ষেপ বলেই মনে করি। এটি ভাঙার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া হবে।” পাশাপাশি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে জানিয়ে তিনি স্পষ্ট করে দেন, “কোনও অবস্থাতেই ইরানের পারমাণবিক উপাদান বিদেশে পাঠানো হবে না।”

অন্যদিকে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশের সরকারি সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক আইন অনুযায়ী যুক্তিসঙ্গত শর্ত মেনে নেয়, তবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া মোটেও কঠিন বিষয় নয়। তাঁর কথায়, “এই সংকটের সমাধান করতে হলে ওয়াশিংটনকে আগে নিজেদের ভুল স্বীকার করতে হবে এবং পূর্বের প্রতিশ্রুতিগুলি পূরণ করতে হবে।” এ ছাড়া গাজার বর্তমান পরিস্থিতিকে ‘নীরব গণহত্যা’ আখ্যা দিয়ে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন’ (ওআইসি)-এর জরুরি বৈঠক ডাকারও আহ্বান জানিয়েছেন আরাঘচি।

ওয়াশিংটন ও তেহরানের এই তীব্র টানাপোড়েনের মাঝেই ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার টেবিলে ইরানের দেওয়া শর্তগুলি নিয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যে কোনও চুক্তি হতে হবে স্থায়ী এবং এর মূল লক্ষ্য হবে তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তাঁর কথায়, “আমি এমন একটি চুক্তি করব যা দীর্ঘস্থায়ী হবে। আমি ওদের পারমাণবিক অস্ত্র পাওয়ার কোনও সুযোগ দেব না।”

এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আরও জানান, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে তাঁর কখনওই বিশেষ আগ্রহ ছিল না। যদিও ইরানের নতুন নেতৃত্বকে তুলনামূলক ‘যুক্তিবাদী’ বলে উল্লেখ করেও আলোচনার ক্ষেত্রে তাদের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। সব মিলিয়ে, পরমাণু কর্মসূচি এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক চাপানউতোর নতুন মাত্রা নিয়েছে।

Pratik Saha
  • Pratik Saha