অযোধ্যার রামমন্দিরে দান চুরির তদন্তে ‘প্রভাবশালীদের আড়াল’? ৭৪ হাজার পাতার চার্জশিট ঘিরে বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরের দানবাক্সের অর্থ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় পেশ হওয়া ৭৪ হাজার পাতার চার্জশিট ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। এই বিপুল পরিমাণ চার্জশিটে শুধুমাত্র আটজন কর্মীকে অভিযুক্ত করা নিয়ে তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে কংগ্রেস। বিরোধী দলের অভিযোগ, প্রকৃত প্রভাবশালী ব্যক্তিদের আড়াল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট হওয়া জরুরি। এই পুরো ঘটনার সত্যতা উদঘাটনে সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।

রবিবার এক বিবৃতিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানান, অযোধ্যার রামমন্দির কোটি কোটি ভারতীয়ের গভীর বিশ্বাস ও আবেগের প্রতীক। তাই সেখানে ভক্তদের দেওয়া প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব থাকা অত্যন্ত প্রয়োজন। কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, দানবাক্স থেকে অর্থ ও সামগ্রী চুরির এই গুরুতর ঘটনায় মন্দির ট্রাস্টের শীর্ষকর্তাদের ভূমিকা যথাযথভাবে খতিয়ে দেখা হয়েছে কি না।

কংগ্রেসের আরও অভিযোগ, মন্দির নির্মাণ থেকে শুরু করে অনুদান সংগ্রহ, প্রণামী গণনা এবং তা ব্যাংকে জমা দেওয়া— সমস্ত প্রক্রিয়ার শীর্ষে বিজেপি, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই রয়েছেন। দলের তরফে প্রাক্তন অ্যাকাউন্ট ইনচার্জ মহীপাল সিংয়ের পূর্ববর্তী অভিযোগের প্রসঙ্গও টেনে আনা হয়েছে। কংগ্রেসের দাবি অনুযায়ী, ২০২১ সালেই প্রণামী গণনায় অনিয়ম ও চুরির বিষয়টি ধরে ফেলে তা ট্রাস্টের শীর্ষকর্তা চম্পত রাই এবং গোপাল রাওকে জানিয়েছিলেন মহীপাল সিং। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে তাঁকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ পাঁচ বছর ধরে চলা এই অনিয়মের দায় ট্রাস্টের শীর্ষ নেতৃত্ব এড়াতে পারেন না বলে দাবি করেছে বিরোধী শিবির।

অন্যদিকে, চার্জশিট দাখিলের পর তদন্তকারী সংস্থার পদক্ষেপ এবং মন্দির ট্রাস্টের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে শাসক দল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে কংগ্রেস। ভক্তদের আস্থার সঙ্গে কোনওরকম আপস বরদাস্ত করা হবে না বলে দাবি করে, শীর্ষ আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল দোষীদের সামনে আনার দাবি জোরালো করেছে বিরোধী দল।

Pratik Saha
  • Pratik Saha