নাবালিকাকে প্রাপ্তবয়স্ক সাজিয়ে একের পর এক হোটেলে পাচার! কোটায় ভয়াবহ গণধর্ষণ কাণ্ডে দুই মহিলা-সহ গ্রেফতার ১০

রাজস্থানের কোটা শহরে এক নাবালিকাকে ভুয়ো নথিপত্রের মাধ্যমে প্রাপ্তবয়স্ক দেখিয়ে একাধিক হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনায় দুই মহিলা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষাতেও ধর্ষণের প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক সকলকেই জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর নির্যাতিতা নাবালিকার বাবা-মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র ওই নাবালিকাকে শহরের বিভিন্ন হোটেলে নিয়ে যেত এবং সেখানে একাধিক পুরুষ ও যুবক তার ওপর যৌন নির্যাতন চালাত। তদন্তের স্বার্থে অভিযুক্ত হোটেলগুলিতে তল্লাশি চালিয়ে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ।
কোটার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) চঞ্চল মিশ্র জানান, ১৬ ও ১৭ নভেম্বর অভিযান চালিয়ে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল— দুর্গা, মমতা, মমতার ছেলে নবীন, কালু, রাম লখন, দীপক, বিক্রম, অঙ্কুশ, অভিষেক মালাভ এবং সুনীল সামারিয়া।
তদন্তে উঠে এসেছে, হোটেলের নথিপত্রে ওই নাবালিকাকে বেআইনিভাবে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছিল, যদিও এর সপক্ষে কোনও বৈধ নথি নেই। এএসপি জানান, প্রকৃতপক্ষে নির্যাতিতা একজন নাবালিকাই। পুলিশি জেরায় অভিযুক্তদের প্রত্যেকের ভূমিকা স্পষ্ট হয়েছে। জানা গিয়েছে, কালু নামে এক ব্যক্তি নাবালিকাকে দুর্গার কাছে নিয়ে এসেছিল। এরপর দুর্গা, মমতা এবং নবীন মিলে তাকে বিভিন্ন পুরুষের সঙ্গে হোটেলে পাঠানোর ব্যবস্থা করত। রাম লখন মেয়েটিকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার দায়িত্বে ছিল এবং দীপক, বিক্রম, অঙ্কুশ, অভিষেক ও সুনীল হোটেলে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। হোটেল কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।