‘বিজেপি জেডিইউকে গিলে খাচ্ছে, পশুখাদ্য কেলেঙ্কারিকেও ছাপিয়ে গেছে লুট!’ বিহারের রাজনীতিতে বোমা ফাটালেন প্রশান্ত কিশোর

বিহারের রাজনীতিতে নীতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড) বা জেডিইউ-কে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে বিজেপি। রবিবার এমনই বিস্ফোরক দাবি করেছেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। একইসঙ্গে এনডিএ জমানায় বিহারে চুরি ও দুর্নীতি চরমে পৌঁছেছে বলেও কড়া অভিযোগ তুলেছেন তিনি।

কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার এক মন্তব্যের প্রেক্ষিতে এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, “বিজেপি নীতীশ কুমারের দলকে মুছে ফেলছে। এ বিষয়ে সুরজেওয়ালার কোনও মন্তব্যের প্রয়োজন নেই। বিহারের রাজনীতি যিনি একটুও বোঝেন, তিনিই দেখতে পাচ্ছেন যে জেডিইউ ধীরে ধীরে মুছে যাচ্ছে এবং বৃহত্তর দল হিসেবে বিজেপি জেডিইউ ও তার নেতৃত্বকে গিলে খাচ্ছে।”

বিহারের বর্তমান শাসক জোটকে নিশানা করে প্রশান্ত কিশোরের দাবি, আগে কেলেঙ্কারি হলে মানুষ তা নিয়ে কথা বলত, কিন্তু এখন ‘সুশাসনের’ আড়ালে লুটপাট চলছে। তাঁর কথায়, “পশুখাদ্য কেলেঙ্কারির চেয়েও এখন অনেক বেশি টাকা চুরি হচ্ছে। এমন নয় যে আগে দুর্নীতি হতো আর এখন বিহারে রাজা হরিশচন্দ্রের সরকার চলছে। এনডিএ সরকারের আমলেও চুরি ও দুর্নীতি আরও বেড়েছে।”

সম্প্রতি ‘নীতীশ সেতু’র নামকরণ ও উদ্বোধনকে কেন্দ্র করে বিহারের রাজনীতিতে যে বিতর্ক তৈরি হয়েছে, তার মাঝেই বিরোধী নেতাদের সুরে সুর মেলালেন প্রশান্ত কিশোর। এর আগে কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা অভিযোগ করেন যে, বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে মানুষকে ব্যবহার করে এবং পরে ছুঁড়ে ফেলে দেয়। তাঁর মন্তব্য ছিল, “বিজেপি মানুষকে ব্যবহার করে ব্যবহৃত রুমালের মতো ওয়াশিং মেশিনে ছুঁড়ে ফেলে। নীতীশ কুমার এবং তাঁর দলের সঙ্গেও তারা এমনটাই করতে চলেছে।”

অন্যদিকে, আরজেডি নেতা তেজস্বী যাদব কটাক্ষ করে বলেন, জীবিত কোনও নেতার নামে সেতুর নামকরণ করার অর্থ হল তিনি “রাজনৈতিকভাবে শেষ”, কারণ সাধারণত প্রয়াত ব্যক্তিদের স্মৃতিরক্ষার্থেই এমনটা করা হয়। তেজস্বীর আরও দাবি, এই সেতুর উদ্বোধন আগেই নীতীশ কুমার করেছিলেন এবং প্রকল্পে কেন্দ্র কোনও অর্থ দেয়নি।

যদিও বিরোধীদের এই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শাসক শিবির। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সেতুর নামকরণের পক্ষে সওয়াল করে জানান, এটি নীতীশ কুমারের দুই দশকের জনসেবা এবং ২০১২ সালে পরিকল্পিত একটি প্রকল্পের প্রতি সম্মান প্রদর্শন মাত্র।

Pratik Saha
  • Pratik Saha