দিল্লির এইমসে প্রয়াত বিজেপির রাজ্যসভা সাংসদ রামরাও সাখারাম ওয়াডকুটে, শোকপ্রকাশ মোদীর

আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিজেপির রাজ্যসভা সাংসদ রামরাও সাখারাম ওয়াডকুটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে বিজেপি শিবিরের পাশাপাশি দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন এই বর্ষীয়ান নেতা। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেই মহারাষ্ট্র থেকে বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।
মহারাষ্ট্রের মরাঠাওয়াড়া অঞ্চলের বাসিন্দা রামরাও সাখারাম ওয়াডকুটে একেবারে তৃণমূলস্তর থেকে উঠে এসে নিজের রাজনৈতিক পরিচিতি তৈরি করেছিলেন। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং জনসেবার মানসিকতার জন্য দলের অন্দরে তাঁর বিশেষ পরিচিতি ছিল। রাজ্যসভার সদস্য হওয়ার আগে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মহারাষ্ট্রের বিধান পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। রাজ্য রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে বিজেপির কাছে তিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ মুখ।
রামরাও ওয়াডকুটের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজের প্রতি তাঁর অবদান এবং দরিদ্র ও সাধারণ মানুষের সেবায় তাঁর আত্মনিয়োগের কথা স্মরণ করে মোদী জানান, প্রয়াত সাংসদের কাজ দীর্ঘদিন মানুষের মনে থেকে যাবে। মহারাষ্ট্রে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শোকবার্তার শেষে ‘ওম শান্তি’ লিখে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানান তিনি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত রামরাও কোনও রাজনৈতিক পরিবারের পরিচিতি বা বাড়তি সুযোগ-সুবিধার উপর নির্ভর না করে নিজের চেষ্টায় জায়গা করে নিয়েছিলেন। মানুষের কল্যাণে কাজ করাই ছিল তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম লক্ষ্য। ফড়ণবীসের মতে, তাঁর প্রয়াণে মহারাষ্ট্রের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল।
এ ছাড়া রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও প্রয়াত সাংসদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সংসদীয় রাজনীতি ও সমাজের উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন সহকর্মীরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার প্রয়াত নেতার মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে, যেখানে আত্মীয়স্বজন, দলীয় কর্মী ও সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর মঙ্গলবার মহারাষ্ট্রের হিঙ্গোলীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।