‘নিজের চরকায় তেল দিন!’-শিক্ষকের বরখাস্তের মামলায় কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের

বিচারক, বিচারপতি বা তদন্তকারীদের সঙ্গে মামলার কোনো পক্ষের ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্ক থাকলে সেই বিচারপ্রক্রিয়া বা তদন্ত কতটা নিরপেক্ষ হতে পারে? সাম্প্রতিক একটি মামলায় এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে। এই প্রসঙ্গে প্রায় ১৩০ বছর আগে ব্রিটিশ আমলের একটি ঘটনার কথা মনে করিয়ে বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অতীতে যা-ই হয়ে থাকুক না কেন, আজকের দিনে বিচারপ্রক্রিয়ায় পক্ষপাতিত্বের সামান্য সম্ভাবনা বা আশঙ্কা থাকলেও কোনো সিদ্ধান্ত নিরপেক্ষতা হারাবে।
এক সহকারী শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা নিয়ে বম্বে হাইকোর্টে মামলা হয়েছিল। ওই মামলায় উচ্চ আদালত স্কুল কর্তৃপক্ষের বরখাস্তের সিদ্ধান্তকেই বহাল রেখেছিল। সম্প্রতি শীর্ষ আদালত হাইকোর্টের সেই রায় খারিজ করে দিয়েছে। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে যে বিভাগীয় তদন্ত হয়েছে, তাতে বড়সড় ত্রুটি ছিল। সেই মামলার শুনানিতেই বিচারপ্রক্রিয়ায় পক্ষপাতিত্বের বিষয়টি সামনে আসে।
ওই শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলেছিলেন স্কুলের সেক্রেটারি। শিক্ষকের বিরুদ্ধে আনা ২০টি অভিযোগের মধ্যে ১১টির একমাত্র সাক্ষী ছিলেন সেক্রেটারি নিজেই। অভিযোগগুলি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গড়া হয় এবং ওই কমিটির আহ্বায়ক করা হয় সেক্রেটারির নিজের ভাইকে। অর্থাৎ দাদা তাঁর ভাইয়ের সামনে সাক্ষ্য দিয়েছেন এবং আহ্বায়ক ভাই সেই সাক্ষ্যের ভিত্তিতেই অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়া নিয়েই আপত্তি তুলেছে। পুরো প্রক্রিয়াকে পক্ষপাতদুষ্ট ও বেআইনি বলে উল্লেখ করে বম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং পরবর্তী সময়ে ওই আদালতের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি বদরুদ্দিন তৈয়বজির প্রসঙ্গ টেনে এনেছে ডিভিশন বেঞ্চ।
১৮৯৫ সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হন বদরুদ্দিন তৈয়বজি এবং ১৯০২ সালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, তৈয়বজির দুই ছেলে ছিলেন আইনজীবী এবং তাঁরা বাবার এজলাসে বিভিন্ন মামলায় নিয়মিত সওয়াল করতেন। এমন নজিরও রয়েছে যে তাঁদের এক জন অভিযোগকারীর পক্ষে লড়ছেন এবং অন্য জন অভিযুক্তের পক্ষে। বলরাম কে গুপ্তের একটি প্রবন্ধ এবং প্রয়াত আইনজীবী ফলি এস নরিম্যানের আত্মজীবনীর উল্লেখও করেন বিচারপতিরা।
আদালতের বয়ান অনুযায়ী, ওই দুই ভাই একই বাড়িতে থাকতেন, একসঙ্গে খাওয়াদাওয়া করতেন এবং রাতের খাবারের টেবিলে নিজেদের মামলা নিয়ে আলোচনাও করতেন। বিষয়টি বম্বে হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি স্যর লরেন্স জেনকিন্সের কানে গেলে তিনি বার্তাবাহক পাঠিয়ে তৈয়বজির কাছে জানতে চান, বাবার এজলাসে ছেলেদের মামলা লড়া আদৌ ঠিক কি না। জবাবে বিচারপতি তৈয়বজি প্রধান বিচারপতির দূতকে স্পষ্ট বলেছিলেন, প্রধান বিচারপতিকে যেন নিজের চরকায় তেল দিতে বলা হয়। এর পর প্রধান বিচারপতি আর কোনো মন্তব্য করেননি এবং তৈয়বজিও নিজের মতো করে কাজ চালিয়ে যান। যদিও বিচারপতি তৈয়বজির কোনো রায় নিয়ে কোনো পক্ষ কখনো পক্ষপাতিত্বের অভিযোগ তোলেনি।
সুপ্রিম কোর্টের বক্তব্য, বদরুদ্দিন তৈয়বজির ঘটনা সেই সময়ের বিচারব্যবস্থার দৃষ্টিভঙ্গি তুলে ধরে। বিচারপতি বা বিচারকের সঙ্গে মামলার কোনো পক্ষের পারিবারিক সম্পর্ক থাকলেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে, এমন ধারণা তখন প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পক্ষপাতিত্বের আইনি সংজ্ঞা ও বিচারের মানদণ্ড বদলেছে। ডিভিশন বেঞ্চের মতে, বিচারপ্রক্রিয়ায় শুধু নিরপেক্ষ সিদ্ধান্ত নিলেই চলে না, সব পক্ষের কাছে পুরো প্রক্রিয়াটি নিরপেক্ষ মনে হওয়াও জরুরি।
এ প্রসঙ্গে ১৯৬৯ সালের আলোচিত ক্রাইপ্যাক মামলার কথাও স্মরণ করিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সেই মামলায় বলা হয়েছিল, কোনো সিদ্ধান্ত আদৌ পক্ষপাতদুষ্ট কি না তা হাতে-কলমে প্রমাণ করার প্রয়োজন নেই। সাধারণ মানুষের চোখে যদি নিরপেক্ষ বিচার না হওয়ার যুক্তিসঙ্গত সম্ভাবনা দেখা দেয়, তবে সেই সিদ্ধান্ত বাতিল হবে। আদালত স্পষ্ট করেছে, যিনি অভিযোগকারী বা মামলার ফলাফলের সঙ্গে যাঁর স্বার্থ সরাসরি জড়িত, তাঁর রক্তের সম্পর্কের কেউ সেই মামলার বিচারক হতে পারেন না। সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত মৌলিক অধিকারের সূত্র ধরে সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে, কেউ নিজের মামলায় নিজে বিচারক হতে পারেন না।
স্কুল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষককে বরখাস্ত করার যে সিদ্ধান্ত নিয়েছিল, ২০২৪ সালের ২১ মার্চ তা খারিজ করে দিয়েছিল নাগপুরের স্কুল ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের সেই নির্দেশের বিরুদ্ধেই বম্বে হাইকোর্টে গিয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট উচ্চ আদালতের সেই নির্দেশ বাতিল করে ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছে। সেই সঙ্গে এডুকেশন অফিসারকে নির্দেশ দিয়েছে, নিয়ম মেনে ওই শিক্ষককে এলাকার অন্য কোনো সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে চাকরির ব্যবস্থা করে দিতে হবে।