নভেম্বরের টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি? অন্নপূর্ণা যোজনায় আটকে থাকা ভাতা পেতে কী করবেন?

ফের খবরে অন্নপূর্ণা যোজনা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে সব থেকে বেশি চর্চায় রয়েছে এই প্রকল্প। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তার জন্য চালু হওয়া এই যোজনার আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। জুন মাস থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হয়েছে এবং কেবল যোগ্য মহিলাদেরই এই ভাতা দেওয়া হচ্ছে। যাদের পারিবারিক আয় সরকারের নির্ধারিত আয় সীমার মধ্যে রয়েছে, শুধুমাত্র তাঁরাই এই ভাতা পাচ্ছেন।
প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে আবেদন জমা পড়ার পর একাধিকবার ভেরিফিকেশন করা হচ্ছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, ফের নতুন করে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে পারে। যাঁরা ইতিমধ্যে মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন, তাঁদের মধ্যে কেউ অযোগ্য বলে বিবেচিত হলে তালিকা থেকে তাঁর নাম বাদ যেতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের তরফে নতুন কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে অযোগ্য প্রাপকদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দিতেই ভেরিফিকেশনের কথা ভাবা হচ্ছে।
অন্যদিকে, যাঁরা এখনও নভেম্বর মাসের টাকা পাননি, তাঁদের পোর্টাল বা ওয়েবসাইটে গিয়ে আবেদনের বর্তমান অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকের ক্ষেত্রেই অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাস ‘আন্ডার প্রসেস’ পর্যায়ে রয়েছে বলে দেখাচ্ছে। এমনকি যোগ্য হওয়া সত্ত্বেও অনেকের প্রাপ্য ভাতা আটকে থাকার অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে ক্লেইম করলে আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভেরিফিকেশনের সময় কোনও আবেদনকারীর নথিতে অসংগতি, বানান বা নামের ভুল কিংবা কোনও সন্দেহজনক তথ্য ধরা পড়লে আবেদনটি সঙ্গে সঙ্গে বাতিল করা হচ্ছে না। বরং সেটিকে ‘আন্ডার প্রসেস’ অবস্থায় রাখা হচ্ছে, যাতে যাচাইয়ের সুযোগ থাকে। তাই বিভ্রান্তি এড়াতে এবং সঠিক তথ্য জানতে আবেদনকারীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিজের স্ট্যাটাস ও আপডেট দেখে নেওয়ার কথা বলা হয়েছে।