ডলারের দাপট ভেঙে ৯৩-এর নিচে টাকা! এপ্রিলের পর বড় চমক মুদ্রাবাজারে

মার্কিন ডলারের বিরুদ্ধে আরও শক্তিশালী হল ভারতীয় টাকা। শুক্রবার লেনদেনের শুরুতেই ডলারের তুলনায় ৯৩-এর গণ্ডি পার করে গেল ভারতীয় মুদ্রা। ২০ এপ্রিলের পর এই প্রথমবার ডলারের নিরিখে ৯৩-এর নীচে উঠে এল টাকা। শুক্রবার দিনের লেনদেনে এক ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার সর্বোচ্চ দর পৌঁছয় ৯২.৯৯৫০-তে। আগের দিনের তুলনায় প্রায় ৩০ পয়সা শক্তিশালী হয়েছে টাকা। শুধু তাই নয়, চলতি সপ্তাহে ডলারের তুলনায় এক টাকারও বেশি বৃদ্ধি পেয়েছে ভারতীয় মুদ্রার মূল্য।
বিশেষজ্ঞদের মতে, একাধিক কারণে এই উত্থান সম্ভব হয়েছে। ভারতীয় শেয়ার বাজারে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিপুল বিনিয়োগ, রফতানিকারীদের ডলার বিক্রি এবং আন্তর্জাতিক বাজারে ডলারের সূচক কমে যাওয়ার মতো বিষয়গুলি টাকা শক্তিশালী হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।
নভেম্বর মাসে এখনও পর্যন্ত ভারতীয় শেয়ার বাজারে ১২ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার একদিনেই প্রায় ৬৪১.৯৯ মিলিয়ন ডলারের শেয়ার কিনেছেন তাঁরা। ফলে চলতি মাসে তাঁদের মোট নিট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১.১৫ লক্ষ কোটি টাকা।
তবে স্বস্তির মধ্যেও কিছুটা উদ্বেগ রয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কার দিকে নজর রাখছেন বাজার বিশেষজ্ঞরা। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯২.৪৮ ডলারে পৌঁছয়।
উল্লেখযোগ্যভাবে, চলতি মাসে এশিয়ার অন্যান্য মুদ্রাকে পিছনে ফেলে ডলারের তুলনায় প্রায় ২ শতাংশ শক্তিশালী হয়েছে ভারতীয় টাকা। শুক্রবারের বাকি সময়ে ডলারের বিপরীতে টাকার দর ৯৩ থেকে ৯৩.৫০-এর মধ্যে থাকতে পারে বলে অনুমান বাজার বিশেষজ্ঞদের।