বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যে কড়া ভর্ৎসনা! তবু ২৯ জানুয়ারি পর্যন্ত রক্ষাকবচ পেলেন অভিষেক, আদালতে কী হল?

বিচারব্যবস্থা সম্পর্কে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করল কলকাতা হাইকোর্ট। তবে তাঁর অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আদালত। বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর এবার বিচারপতি সৌগত ভট্টাচার্যও তাঁর মন্তব্যের সমালোচনা করেছেন। ডিজে মন্তব্য মামলায় অভিষেকের বিরুদ্ধে বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য সংক্রান্ত অভিযোগ তোলে রাজ্য।

শুনানির সময় রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল জানান, অভিষেকের এক সহযোগীকে আদালত সুরক্ষা দিতে অস্বীকার করার পরই তিনি বিচারব্যবস্থার বিরুদ্ধে মন্তব্য করেছেন। অথচ তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে তিনি সুরক্ষা পেতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। সম্প্রতি আপ্ত সহায়ক সুমিত রায়ের রক্ষাকবচ মঞ্জুর না হওয়ায় সোশ্যাল মিডিয়ায় বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আদালত অবমাননা ও আইনি রক্ষাকবচ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন।

শুক্রবার শুনানিতে রাজ্যের কৌঁসুলি রাজদীপ মজুমদার ওই পোস্টের প্রসঙ্গ তুলে ধরেন। এরপর অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, এমন মন্তব্য করলে স্বতঃপ্রণোদিত মামলা হতে পারে কি না এবং একজন সাংসদ এ ধরনের কথা বলতে পারেন কি না। অভিষেকের আইনজীবী জানান, বিষয়টি তাঁর জানা নেই।

রাজ্যের আইনজীবী বলেন, একদিকে সুরক্ষা চাওয়া হচ্ছে, অন্যদিকে বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করা হচ্ছে। আদালত জানায়, দুটি বিষয় আলাদা; পরিস্থিতি তৈরি হলে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু হতে পারে, তবে তা কি অন্তর্বর্তী সুরক্ষা না দেওয়ার কারণ হতে পারে?

এরপর সোমবারের মধ্যে হলফনামা এবং তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। বিচারপতি মন্তব্য করেন, এই মন্তব্যগুলি বেদনাদায়ক এবং এগুলি এড়ানো যেত। অভিষেকের আইনজীবী জানান, তিনি বিচারব্যবস্থার বিরুদ্ধে কোনও মন্তব্য সমর্থন করেন না। শেষ পর্যন্ত আদালত জানায়, অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করার মতো পরিস্থিতির পরিবর্তন দেখা যাচ্ছে না এবং মামলাকারী তদন্তে অসহযোগিতা করছেন—এমন প্রমাণও নেই। ফলে ২৯ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ বাড়ানো হয়েছে।