মন্ত্রীর দফতরের কাছে ২০ রাউন্ড গুলির বদলা! বুলন্দশহরে পুলিশের এনকাউন্টারে খতম কুখ্যাত নাসিম দুরানি

দিল্লিতে আইনমন্ত্রীর দফতরের অদূরে প্রকাশ্যে এক যুবককে গুলি করে খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তথা কুখ্যাত গ্যাংস্টার নাসিম দুরানির। শুক্রবার (২০ নভেম্বর) সকালে পুলিশ আধিকারিকেরা ৩৭ বছর বয়সি এই দুর্ধর্ষ অপরাধীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দিল্লি পুলিশ এবং নয়ডা স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের একটি যৌথ অভিযানে নাসিমের পতন ঘটে। তদন্তকারীদের দাবি, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানি এবং কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের সঙ্গে তার সরাসরি যোগাযোগ ছিল। গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লিতে ২৬ বছর বয়সি এক যুবককে প্রকাশ্যে গুলি করে খুনের পর থেকেই তাকে হন্যে হয়ে খুঁজছিল দিল্লি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ নভেম্বর খাজুরি খাস থানার অন্তর্গত সোনিয়া বিহারের জিরো পুস্তার কুড়া খাট্টা এলাকায় খুন হন মুস্তাফাবাদের বাসিন্দা সমীর। ঘটনার দিন রিজওয়ান নামে এক পরিচিতের স্কুটারের পেছনে বসে যাচ্ছিলেন তিনি। আচমকাই একটি মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতী তাঁদের পথ আটকায় এবং সমীরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের প্রাথমিক অনুমান অনুযায়ী, হামলাকারীরা প্রায় ২০ রাউন্ড গুলি চালিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয়। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় সমীরকে সিভিল লাইন্সের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, প্রাক্তন সহযোগীদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা এবং নাসিম দুরানি গ্যাং ও হারুন সাইফি গ্যাংয়ের দীর্ঘদিনের বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

ঘটনার গুরুত্ব বুঝে অভিযুক্তদের ধরতে একাধিক বিশেষ দল গঠন করে দিল্লি পুলিশ। ঘটনাস্থল ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞরাও নমুনা সংগ্রহ করেন। তদন্তের সূত্র ধরেই মূল অভিযুক্ত হিসেবে নাসিম দুরানির নাম সামনে আসে। এরপর গোপন সূত্রে পুলিশ খবর পায়, উত্তরপ্রদেশের বুলন্দশহরের সিকান্দ্রা বাইপাস এলাকায় আত্মগোপন করে রয়েছে নাসিম এবং সিসিটিভি ফুটেজেও তাকে স্কুটার চালাতে দেখা যায়। সেই তথ্যের ভিত্তিতে ১৯ নভেম্বর রাত থেকে ২০ নভেম্বরের মধ্যবর্তী সময়ে দিল্লি পুলিশ ও নয়ডা এসটিএফ যৌথ অভিযান চালায়। পুলিশ তাকে আটকানোর চেষ্টা করলে নাসিম নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে গুরুতর জখম হয় নাসিম এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশের নথি বলছে, নাসিম দুরানির বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা ও ডাকাতি-সহ ২৫টিরও বেশি গুরুতর মামলা রয়েছে। শুধু অপরাধমূলক কাজকর্মেই নয়, সোশ্যাল মিডিয়াতেও আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও সশস্ত্র সঙ্গীদের সঙ্গে ছবি-ভিডিও পোস্ট করে এলাকায় ত্রাস ও গ্যাংস্টার ইমেজ তৈরি করত সে। তদন্তকারীদের দাবি, ২০১৬-১৭ সালে তিহাড় জেলে বন্দি গ্যাংস্টার ছোটা রাজনকে হত্যার জন্য ছোটা শাকিলের কাছ থেকে সুপারি নিয়েছিল নাসিম। পাশাপাশি গত ২৬ মে খাজুরি খাস এলাকায় রাজা মেওয়াতি ওরফে আক্কি ডন হত্যাকাণ্ডেও তার নাম জড়িয়েছিল। দিল্লি ও উত্তরপ্রদেশের অপরাধজগতের একাধিক বড় মামলায় তার নাম উঠে আসায় এই এনকাউন্টারকে পুলিশের বিরাট সাফল্য হিসেবে দেখা হচ্ছে।