১৫-২০ রাউন্ড গুলির পর রক্তাক্ত পরিণতি! যৌথ বাহিনীর এনকাউন্টারে মৃত্যু মোস্ট ওয়ান্টেড নাসিম দুরানির

নয়ডা এসটিএফ, উত্তরপ্রদেশ এসটিএফ এবং দিল্লি ক্রাইম ব্রাঞ্চের যৌথ অভিযানে এনকাউন্টারে মৃত্যু হয়েছে মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার নাসিম দুরানির। বুলন্দশহরের সিকান্দরাবাদ থানা এলাকায় এই এনকাউন্টারের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরেই অপরাধজগতের পরিচিত মুখ হিসেবে নাসিমের খোঁজ চলছিল এবং তার মাথার উপর ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশ ও দিল্লিতে নাসিমের বিরুদ্ধে ২৫টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে চারটি খুনের মামলা, খুনের চেষ্টার অভিযোগ এবং তোলাবাজির একাধিক ঘটনা যুক্ত। সম্প্রতি দিল্লির সোনিয়া বিহারে মন্ত্রী কপিল মিশ্রের অফিসের বাইরে সমীর নামে এক যুবককে খুনের ঘটনায় নাসিম দুরানির নাম উঠে আসে। অভিযোগ ওঠে, ঘটনাস্থলে ১৫ থেকে ২০ রাউন্ড গুলি চালানো হয়েছিল। এই ঘটনার পর থেকেই দুই রাজ্যের পুলিশ ও এসটিএফ যৌথভাবে নাসিমের সন্ধানে তৎপরতা বাড়ায়।
নয়ডা এসটিএফ-এর অতিরিক্ত এসপি রাজকুমার মিশ্র জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে নাসিম ওই এলাকায় লুকিয়ে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে বুলন্দশহরের সিকান্দরাবাদ থানা এলাকা ঘিরে ফেলা হয়। পুলিশের দাবি, ঘেরাওয়ের টের পেয়েই অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে নাসিম গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
অপরাধজগতের সঙ্গে নাসিম দুরানির পুরনো যোগসূত্রের কথাও উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা শাকিলের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং ২০১৬-১৭ সালে তিহার জেলে বন্দি ছোটা রাজনকে খুনের ছকে ছোটা শাকিল তাকে ব্যবহার করতে চেয়েছিল বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত লেখক তারিক ফতেহকে হত্যার ষড়যন্ত্রেও তার নাম জড়িয়েছিল। গত ছয় মাসে দিল্লির খাজুরি খাস এলাকায় দু’টি চাঞ্চল্যকর খুনের ঘটনাতেও অভিযুক্ত ছিল এই গ্যাংস্টার। যৌথ অভিযানের মাধ্যমে এই অপরাধীর পরিণতি ঘটল বলে জানিয়েছে পুলিশ।