অকারণে সমস্যা তৈরি করছেন!’ অভিষেকের রক্ষাকবচ বাড়িয়েও ক্ষুব্ধ বিচারপতি সৌগত ভট্টাচার্য

শোকজ নোটিস পাওয়ার পরেও বিচারপতিদের উদ্দেশে একের পর এক অবমাননাকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ। বিচারব্যবস্থা ও বিচারপতিদের নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফের তীব্র উষ্মা প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হলেও আদালত তাঁকে কড়া ভাষায় তিরস্কার করেছে। শুনানি চলাকালীন বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের আইনজীবীকে স্পষ্ট জানান, “আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন। আদালতের বিরুদ্ধে মন্তব্য বেদনাদায়ক।”

এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলা ডিজে মামলার শুনানি নির্ধারিত ছিল। শুনানিতেই ডায়মন্ড হারবারের সাংসদের মন্তব্য ঘিরে আদালতের অসন্তোষ প্রকাশ্যে আসে। এদিন অভিষেকের রক্ষাকবচের বিরোধিতা করে রাজ্যের তরফে জোর সওয়াল করা হয়। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে সওয়াল করে বলেন, সাম্প্রতিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থাকে নিশানা করছেন। তাঁর অভিযোগ, আগের দিন আদালত একজনের ক্ষেত্রে রক্ষাকবচ দিতে না চাওয়ার পরই বিচারব্যবস্থা প্রসঙ্গে টুইট করা হয়েছে।

রাজ্যের এই সওয়ালের মাঝেই অভিষেকের আইনজীবীর উদ্দেশে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, “কেন এমন হচ্ছে? এমন মন্তব্য করলে আদালতে স্বতঃপ্রণোদিত মামলা হতে পারে, এটা জানেন না?” বিচারপতি আরও বলেন, “আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন। যাঁরা সংবাদপত্র পড়েন, তাঁরা সবাই জানেন, এই সময়কালে কী কী মন্তব্য করছেন। একজন সাংসদ এই ধরনের মন্তব্য করছেন, মানুষের কাছে কী বার্তা যাবে?” এরপরই বিচারপতি মন্তব্য করেন, “আদালতের বিরুদ্ধে মন্তব্য করছেন, এটা খুবই বেদনাদায়ক।”

অন্যদিকে, ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ প্রত্যাহার করার পক্ষে সওয়াল করে রাজ্য। সেই সওয়ালের জবাবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, “তদন্তের অগ্রগতি কী? এমন কিছু হয়েছে, যাতে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো যাবে না?” এরপরই রাজ্যকে নির্দেশ দিয়ে বিচারপতি বলেন, “তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট ফাইল করুন। সেই মতো দেখতে চাই।”

তদন্তে অভিষেকের সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট করেন, “তদন্তে সহযোগিতা করছেন না, এমন নয়। রক্ষাকবচের মেয়াদ কেন বাড়ানো হবে না, তা নিয়ে আজ আদালত কোনও কারণ দেখছে না।” সব দিক খতিয়ে দেখে এদিন ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেন বিচারপতি।