পদত্যাগ করলেই কি অপরাধ মেনে নেওয়া হয়? পোড়া নোট কাণ্ডে বিস্ফোরক দাবি প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মার

বিচারপতির পদ থেকে পদত্যাগ করলেই অপরাধ স্বীকার করা হয় না—এমনই স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিলেন এলাহাবাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা। সরকারি বাসভবন থেকে পোড়া নোট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তিনি। প্রাক্তন এই বিচারপতির বক্তব্য, ওই ঘটনায় তাঁর পদত্যাগকে কোনওভাবেই দোষ স্বীকার বা অনিয়মের দায় মেনে নেওয়া হিসেবে দেখা উচিত নয়।

এই সংক্রান্ত বক্তব্য জানিয়ে গত ১০ সেপ্টেম্বর লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিংকে একটি চিঠি লিখেছিলেন যশবন্ত ভার্মা। বৃহস্পতিবার সেই চিঠি সংসদ সদস্যদের মধ্যে বিলি করা হয়। চিঠিতে তাঁর দাবি, গত ৯ এপ্রিল রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে অপসারণ সংক্রান্ত প্রক্রিয়া কার্যত অর্থহীন হয়ে পড়েছে। কারণ, পদত্যাগের পর তিনি আর বিচারপতির পদে বহাল নেই; ফলে তাঁকে পদ থেকে সরানোর কোনও সাংবিধানিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ভিত্তি আর থাকে না।

নিজের সপক্ষে ভারতের সংবিধানের ২১৭(১)(ক) অনুচ্ছেদ এবং ১৯৭৮ সালের সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের একটি গুরুত্বপূর্ণ রায়ের প্রসঙ্গ তুলে ধরেছেন তিনি। ‘ইউনিয়ন অফ ইন্ডিয়া বনাম গোপাল চন্দ্র মিশ্র’ মামলার রায় উল্লেখ করে ভার্মার দাবি, কোনও হাই কোর্টের বিচারপতি পদত্যাগ করলে তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতি বা অন্য কোনও কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন পড়ে না।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন যে, পদত্যাগের পর অপসারণের উদ্দেশ্যে শুরু হওয়া প্রক্রিয়া আর অগ্রসর করা যায় না, কারণ বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সাংবিধানিক বিধি কেবল কর্মরত বিচারপতিদের ক্ষেত্রেই প্রযোজ্য। উল্লেখ্য, সরকারি বাসভবন থেকে পোড়া টাকার নোট উদ্ধারের অভিযোগ ঘিরে শুরু হওয়া তদন্তে বিচারপতিদের কমিটির সামনেও হাজির হয়েছিলেন ভার্মা; তবে ৯ এপ্রিল অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে পদত্যাগপত্র জমা দেন। এবার পদত্যাগের সাংবিধানিক দিক ও অপসারণ প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি।