সব্যসাচী দত্ত মামলায় ইডির মেগা রেইড! একসঙ্গে ১২ ঠিকানায় হানা, শেয়ার বাজারে কোটি কোটি টাকা খাটানোর চাঞ্চল্যকর তথ্য ফাঁস

সব্যসাচী দত্ত মামলায় শুক্রবার সকাল থেকেই বড়সড় তল্লাশি অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর্থিক তছরুপ ও বিপুল পরিমাণ কালো টাকা পাচারের তদন্তে এদিন মোট ১২টি জায়গায় একযোগে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারীদের নজরে রয়েছেন সব্যসাচী দত্তের অত্যন্ত ঘনিষ্ঠ ও নামী ব্যবসায়ী বিকাশ গুপ্ত। শুক্রবার সকাল থেকেই বিকাশ গুপ্তার বাড়ি ও অফিসে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। অভিযোগ, সব্যসাচী দত্তের দুর্নীতির বিপুল পরিমাণ টাকা বিকাশ গুপ্তার মাধ্যমেই বিভিন্ন ব্যবসায় এবং শেয়ার মার্কেটে খাটানো হয়েছিল।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি ও খুনের অভিযোগে রাজ্য পুলিশ আগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছিল। সেই মামলার তদন্ত চলাকালীনই বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির তথ্য সামনে আসে। পুলিশি অভিযানে সব্যসাচী দত্তের ঘনিষ্ঠদের কাছ থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার সোনার গয়না ও রুপো উদ্ধার হয়েছিল। পাশাপাশি তদন্তকারীরা জানতে পারেন, দুর্নীতির মাধ্যমে উপার্জিত কোটি কোটি টাকার কালো টাকা নিজের ঘনিষ্ঠ বিভিন্ন ব্যবসায়ী ও প্রোমোটারদের কাছে বিনিয়োগ করেছিলেন সব্যসাচী। রাজ্য পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই পরবর্তীতে ইডি এই ঘটনায় এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ECIR) দায়ের করে আর্থিক তছরুপের পৃথক তদন্ত শুরু করে।
ইডি আধিকারিকদের মতে, অর্থ পাচারের এই পুরো চক্রে সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ বিকাশ গুপ্তের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেয়ার মার্কেটে টাকা খাটানোর আড়ালে বিপুল অঙ্কের কালো টাকা সাদা করা হয়েছিল বলেই প্রাথমিক প্রমাণ মিলেছে। সেই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শুক্রবার ১২টি ঠিকানায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র ও ডিজিটাল প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে। উল্লেখ্য, সব্যসাচী দত্ত বর্তমানে কলকাতা হাইকোর্টের শর্তাধীন জামিনে মুক্ত থাকলেও, ইডির এই নতুন অভিযানে মামলার তদন্ত আরও জোরালো মোড় নিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।