মোদীর এক বক্তব্যেই বদলে যায় অক্ষয়ের ভাবনা! কীভাবে তৈরি হয়েছিল ‘টয়লেট: এক প্রেম কথা’? ফাঁস অজানা কাহিনি

২০১৭ সালের ১১ অগস্ট মুক্তি পেয়েছিল ‘টয়লেট: এক প্রেম কথা’। ভারতের গ্রামীণ অঞ্চলে স্যানিটেশন ব্যবস্থা এবং খোলা জায়গায় শৌচকর্ম বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা হাস্যরসের মাধ্যমে তুলে ধরেছিলেন অক্ষয় কুমার ও ভূমি পেদনেকর। অক্ষয় কুমার (কেশব), ভূমি পেদনেকর (জয়া), অনুপম খের, দিব্যেন্দু শর্মা ও সুধীর পাণ্ডে অভিনীত ছবিটি ১৮-২৪ কোটি টাকা বাজেটে তৈরি হয়ে বক্স অফিসে ঝড় তুলেছিল। নিজের কেরিয়ারে প্রথমবার ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেন অক্ষয় এবং বিশ্বজুড়ে ছবিটি ৩১৬ কোটি টাকারও বেশি আয় করে। কিন্তু এই ছবি কোন ঘটনা ও কার বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই।

বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে ‘মোদি স্টোরি’ একটি ভিডিয়ো প্রকাশ করেছে, যেখানে অক্ষয় কুমার জানান কীভাবে ২০১৪ সালে প্রধানমন্ত্রীর শুরু করা পরিচ্ছন্নতা ও স্যানিটেশন অভিযান তাঁকে নারীদের শৌচাগারের অভাবজনিত সমস্যা নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করেছিল। ভিডিয়োর শুরুতে ছবিতে অনুপম খেরের বলা সংলাপ— “যদি আপনি কিছুই না বদলান, তবে কিছুই বদলাবে না”— শোনা যায়। ছবির আইডিয়া প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘স্বচ্ছ ভারত’ বিষয়টি ছোট মনে হতে পারে, কিন্তু ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদি যখন এই অভিযানের সূচনা করে এ বিষয়ে কথা বলতে শুরু করেন, তখন তাঁর মনে হয় প্রধানমন্ত্রী আসলে শৌচাগার তৈরির কথাই বলছেন।

অক্ষয়ের কথায়, প্রধানমন্ত্রী যা বলেছেন তা একদম সঠিক; দেশের বহু নারীর বাড়িতে শৌচাগার না থাকায় প্রাকৃতিক কর্ম সারার জন্য তাঁদের মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হয়। এই বিষয়টি জানার পর আরও খোঁজখবর করতে গিয়েই তিনি ‘টয়লেট: এক প্রেম কথা’-র গল্প খুঁজে পান এবং তা দর্শকদের সামনে নিয়ে আসেন, যা তাঁর মতে প্রধানমন্ত্রীর দ্বারাই অনুপ্রাণিত ছিল।

এই ছবির নেপথ্যে রয়েছে এক বাস্তব ঘটনাও। ২০১১ সালের মে মাসে মধ্যপ্রদেশের বেতুল জেলার বাসিন্দা অনিতা নারের সঙ্গে শিবরাম নারের বিয়ে হয়। বিয়ের মাত্র দুই দিন পর শ্বশুরবাড়িতে শৌচালয় না থাকায় এবং খোলা জায়গায় শৌচকর্ম করতে অস্বীকৃতি জানিয়ে অনিতা বাপের বাড়িতে ফিরে যান। অনিতার এই সাহসী পদক্ষেপের পর দিনমজুর স্বামী শিবরাম গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহায়তা ও নিজের জমানো টাকায় মাত্র আট দিনের মধ্যে বাড়িতে পাকা শৌচালয় তৈরি করেন। শৌচালয় নির্মাণের পরই অনিতা শ্বশুরবাড়িতে ফেরেন।

অনিতার এই প্রতিবাদ গ্রামীণ ভারতে পরিচ্ছন্নতা নিয়ে এক নীরব বিপ্লবের সূচনা করে। পরবর্তীতে সুলভ ইন্টারন্যাশনাল তাঁকে নগদ অর্থ পুরস্কারে সম্মানিত করে এবং তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাटिल তাঁকে রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা দেন।