প্রয়াত প্রাক্তন বিধায়ক আবু নাসের খান চৌধুরী! শোকের ছায়া মালদা ও রাজনৈতিক মহলে

রাজ্যের প্রাক্তন বিধায়ক আবু নাসের খান চৌধুরী প্রয়াত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ কলকাতার বাসভবনে অসুস্থ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি মালদার অন্যতম রূপকার তথা প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী এবিএ গনি খান চৌধুরীর ভাই ছিলেন। সকলের কাছে তিনি ‘লেবুবাবু’ নামে পরিচিত ছিলেন। তাঁর প্রয়াণে মালদা তথা রাজ্যের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন আবু নাসের খান চৌধুরী। ১৯৫১ সালে মালদা কলেজ থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৬ সালে স্নাতক উত্তীর্ণ হন তিনি। এরপর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। ১৯৬৫ সালে লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা শেষ করেন। পরবর্তীতে ১৯৭৬ সালে ইংল্যান্ডের লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল সম্পন্ন করেন এবং ১৯৮৬ সালে সুইৎজ়ারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

গনি খান চৌধুরীর পরিবারের সদস্য হিসেবে কংগ্রেসের হাত ধরে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। ২০০৯ সালে উপনির্বাচনে সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১১ সালের বিধানসভা নির্বাচনেও একই আসন থেকে পুনর্নির্বাচিত হন। তবে এরপর থেকেই কংগ্রেসের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হয় এবং ২০১৫ সালে তিনি তৃণমূলে যোগ দেন।

তাঁর মৃত্যুর খবর মালদার কোতোয়ালি ভবনে পৌঁছতেই শোকের ছায়া নামে। শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা পরিবার। শুধু পরিবারের সদস্যরাই নন, লেবুবাবুর প্রয়াণে শোকাহত কোতোয়ালি ভবনে তাঁর দেখভালের দায়িত্বে থাকা পরিচারিকা মল্লিকা দাসও। দীর্ঘদিন ধরে তাঁর সান্নিধ্যে থাকা পরিচারিকা প্রিয় মানুষটিকে হারিয়ে ভেঙে পড়েছেন।

আবু নাসের খান চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে শোকবার্তা এসেছে। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী শোক প্রকাশ করে জানান, মালদার ঐতিহ্যবাহী কোতোয়ালি পরিবারের অন্যতম সদস্য লেবুদার সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে কংগ্রেস পরিবার এক প্রবীণ অভিভাবককে হারাল। অধীরবাবুর কথায়, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘদিনের স্মৃতি কখনও মুছে যায় না। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

অন্যদিকে কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী শোকবার্তায় বলেন, তাঁর এই প্রয়াণে তাঁরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আবু নাসের খান চৌধুরীর স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ এবং স্মৃতি তাঁদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি। মালদার রাজনীতি ও সমাজজীবনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন পরিচিত ও অনুরাগীরা।