মার্চেন্ট চার্জ কি ২০২৭-এর বিধানসভা নির্বাচনের পর? বড় ধাক্কা খেল পেটিএম, পাইন ল্যাবস ও মোবিকুইকের শেয়ার

বৃহস্পতিবার শেয়ার বাজারে পেটিএম (ওয়ান৯৭ কমিউনিকেশনস), মোবিকুইক এবং পাইন ল্যাবস-সহ একাধিক ফিনটেক সংস্থার শেয়ারে তীব্র পতন দেখা গিয়েছে। ইউপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর (MDR) চালুর প্রক্রিয়া ফের পিছিয়ে যেতে পারে—এমন খবরেই লগ্নিকারীদের মধ্যে বিক্রিবাটার চাপ তৈরি হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, ২০২৭ সালের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। বণিক সভা ও ব্যবসায়ী সংগঠনগুলোর সম্ভাব্য ক্ষোভ এবং বিরোধিতার বিষয়টি মাথায় রেখে প্রশাসন অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে বলে জানা যাচ্ছে। বিশেষ করে উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যের নির্বাচনের আগে এমন কোনও পদক্ষেপ নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ বাড়াতে চাইছে না সরকার, এমনই গুঞ্জন বাজারে ছড়িয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, নির্দিষ্ট কিছু উচ্চমূল্যের মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে সামান্য এমডিআর ধার্য করার কথা থাকলেও সাধারণ গ্রাহকদের পিটুপি (P2P) বা ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন ছাড়ের আওতায় থাকার কথা ছিল।এই সিদ্ধান্ত বিলম্বিত হওয়ার সরাসরি প্রভাব পড়ছে ফিনটেক সংস্থাগুলোর রাজস্ব ও মুনাফার হিসেবে। দীর্ঘদিন ধরেই ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো সচল রাখতে বিপুল পরিচালন ব্যয় এবং অপর্যাপ্ত সরকারি ভর্তুকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল পেমেন্ট সংস্থাগুলো। এমডিআর চালু হলে পেমেন্ট অ্যাকুইরার ও ফিনটেক সংস্থাগুলোর আয়ের নতুন পথ খুলবে বলে আশা করছিলেন লগ্নিকারীরা। কিন্তু সময়সীমা আরও পিছিয়ে যাওয়ায় স্বল্পমেয়াদে সেই আয়ের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।যদিও বাজার বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই বিলম্ব মানেই যে প্রস্তাবটি চিরতরে বাতিল হয়ে গিয়েছে, এমন নয়। তা ছাড়া গত কয়েক মাসে পেটিএম ও পাইন ল্যাবসের মতো শেয়ারের দর উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায়, এই খবরের অজুহাতে লগ্নিকারীদের একাংশ মুনাফা তুলে নিয়েছেন বলেও মনে করা হচ্ছে। তবুও, ইউপিআই থেকে আয়ের মডেল স্পষ্ট না হওয়া পর্যন্ত ফিনটেক শেয়ারে অস্থিরতা বজায় থাকার আশঙ্কাই করছেন বাজার বিশেষজ্ঞরা।