অখিলেশের রোড শোয়ে বুলডোজারের ধাক্কা! প্রাণ গেল ১২ বছরের কিশোরের, গোরখপুরে তীব্র উত্তেজনা

উত্তরপ্রদেশের গোরখপুরে সমাজবাদী পার্টির রোড শো চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় বুলডোজারের ধাক্কায় মৃত্যু হলো ১২ বছরের এক নাবালকের। মৃত কিশোর স্থানীয় এক বিজেপি নেতার ছেলে বলে জানা গিয়েছে। বুধবারের এই মর্মান্তিক ঘটনায় গোটা শহরে তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ও পুলিশ সূত্রে খবর, গোরখপুরের কোদঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওই দিন সমাজবাদী পার্টির একটি রোড শোয়ে অংশ নিয়েছিলেন দলের প্রধান অখিলেশ যাদব। নিহত নাবালক চৌরি চৌরার রাজধানী গ্রামের বাসিন্দা ছিল। মৃতের বাবা ওমকার সিং পুলিশকে জানিয়েছেন, রোড শোয়ে ফুলের পাপড়ি ছড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছিল ওই বুলডোজারটি। অখিলেশ যাদবের কনভয় আগে বেরিয়ে যাওয়ার পর পিছনে থাকা বুলডোজারটি দ্রুত গতিতে এসে ১২ বছরের কিশোরকে পিছন থেকে ধাক্কা মারে।

ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা খায় ওই নাবালক। মাথার পিছনে গুরুতর চোট পাওয়ার পর অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোরখপুরে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়েছে। জনবহুল রোড শোয়ে ভারী যানবাহন কীভাবে ঢুকল এবং র‍্যালির যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে কারা ছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে গোরখপুরের বিধায়ক ইঞ্জিনিয়ার সর্বন নিষাদ শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। ক্যাবিনেট মন্ত্রী ডঃ সঞ্জয় নিষাদও ফোনে বিধায়কের সঙ্গে কথা বলে পরিবারকে সব ধরনের সাহায্যের নির্দেশ দিয়েছেন।

এই দুর্ঘটনা প্রসঙ্গে অখিলেশ যাদব জানান, কিশোরের মৃত্যুর খবর তাঁর জানা ছিল না। তবে রোড শোয়ের জন্য যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগে তিনি স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন।

জানা গিয়েছে, বুধবার অখিলেশের রোড শো গোরখপুর বিমানবন্দর থেকে শুরু হয়ে চৌরি চৌরার দেওকাহি গ্রামে গিয়ে শেষ হয়। জেলার নয়টি বিধানসভা কেন্দ্র ও পূর্ব উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বুলডোজারটি ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে এবং বুলডোজারের মালিকের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।