ফ্রি বাস টিকিটে ‘ব্যাকআপ’ বুকিং! এক নম্বরে একাধিক টিকিট কাটলেই এবার ব্লক হবে ফোন

রাজ্যে পালাবদলের পর সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করেছে বিজেপি সরকার। এই পদক্ষেপে সাধারণ মহিলা যাত্রীরা নিঃসন্দেহে উপকৃত হয়েছেন। তবে অভিযোগ উঠেছে, একাংশের যাত্রী এই বিনামূল্যের টিকিটের সুবিধার অপব্যবহার করছেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতেই ফ্রি টিকিটের অপব্যবহার আটকাতে কড়া পদক্ষেপ নেওয়ার পথে হেঁটেছে রাজ্য পরিবহণ দফতর।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এসবিএসটিসি (SBSTC)-র এক আধিকারিক জানিয়েছেন, একাংশের মহিলা যাত্রী একই মোবাইল নম্বর ব্যবহার করে একই দূরপাল্লার সরকারি বাসে অনলাইনে একাধিক টিকিট কেটে রাখছেন। পাশাপাশি এমনও দেখা গিয়েছে যে, একই নম্বর থেকে সেই একই দিনে পরপর একাধিক বাসের টিকিট বুক করে রাখা হচ্ছে। এই প্রবণতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মাঝেমধ্যেই এমন ছবি ধরা পড়ছে।

কেন একাধিক টিকিট বুক করার এই প্রবণতা দেখা যাচ্ছে? ওই আধিকারিক জানান, বিষয়টি নজরে আসার পর এমনই এক মহিলা যাত্রীর সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয়। সেই যাত্রী জানান যে, একই দিনে পরপর দুটি বা তিনটি বাসের টিকিট কেটে রাখার মূল কারণ হলো—নির্দিষ্ট সময়ে বাস ডিপোতে পৌঁছাতে না পারলে দ্বিতীয় বাস ধরার সুযোগ রাখা; আর দ্বিতীয় বাসটিও মিস করলে তৃতীয় বাসে যাওয়ার ব্যবস্থা করে রাখা। এ ছাড়া সঙ্গীদের নিয়ে সফরের জন্য টিকিট ব্লক বুকিং করার ঘটনাও সামনে এসেছে।

পরিবহণ দফতর সূত্রে খবর, শুধু একটি বা দুটি উদাহরণ নয়, এমন ঘটনা এসবিএসটিসি ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা এনবিএসটিসি (NBSTC)-তেও প্রায়ই নজরে আসছে। এর জেরে যাঁদের প্রকৃত অর্থেই টিকিটের প্রয়োজন, তাঁরা অনেক সময় টিকিট পাচ্ছেন না, অথচ বাসগুলি একাধিক আসন ফাঁকা রেখেই গন্তব্যের উদ্দেশে রওনা দিচ্ছে। ফলে জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

অন্যদিকে, এই ধরনের টিকিট ব্লকিং ও ‘নো-শো’ প্রবণতায় প্রশাসনের আর্থিক ক্ষতির দিকটিও সামনে এসেছে। সেই অপচয় ও অনিয়ম রুখতে বিশেষ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে অভিযুক্ত ফোন নম্বরগুলি চিহ্নিত করে সেগুলি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে এসবিএসটিসি। ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

তাঁর বক্তব্য অনুযায়ী, বিশেষ সফটওয়্যারের সাহায্যে দেখা হবে যে কোনো নম্বর থেকে অনলাইনে বারবার বিনামূল্যের টিকিট বুক করার পরও যাত্রী নির্দিষ্ট সময়ে বাসে উঠছেন কি না। বারবার টিকিট কেটে ‘নো-শো’ হলে সেই ফোন নম্বরটি চিহ্নিত করে ব্লক করে দেওয়া হবে, যাতে ভবিষ্যতে ওই নম্বর থেকে আর টিকিট বুক করা না যায়। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে নম্বরটি সাময়িকভাবে কিছুদিন ব্লক রাখা হতে পারে এবং পরবর্তীতে খুলে দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।