১১০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘আকভান’? শনিতে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং নিচু এলাকায় জল জমার আশঙ্কাও করা হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী নরসাপুর থেকে পুরীর মধ্যে দিয়ে ২০ নভেম্বর দুপুরের মধ্যে স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় এটি তীব্র ঘূর্ণিঝড়ের রূপেই আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার, আর দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত।

ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গেও। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ওইদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে বহু জায়গায় বৃষ্টি হতে পারে, যার মধ্যে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

শনিবার অর্থাৎ ২১ নভেম্বর পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়ার কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ নভেম্বর পুরুলিয়ার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, ২৩ নভেম্বর বৃষ্টি কমবে এবং ২৪ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া ফিরতে পারে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বড়সড় বৃষ্টির সম্ভাবনা নেই। ২০ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। ২০ থেকে ২১ নভেম্বর মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে এবং এরপর ধীরে ধীরে দিনাজপুর ও অন্যান্য জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ নভেম্বরের পর ফের শুষ্ক আবহাওয়া দেখা দিতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ১৯ নভেম্বর সকাল থেকে ২০ নভেম্বর দুপুর পর্যন্ত সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং দমকা হাওয়ায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিমবঙ্গ উপকূলের কাছেও ১৯ ও ২০ নভেম্বর ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ो হাওয়া বইবে। ২০ নভেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে এবং ১৯ ও ২০ নভেম্বর পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে কলকাতা ও হলদিয়া বন্দরে ২ নম্বর দূরবর্তী সতর্কসংকেত এবং সাগর বন্দরে ২, ৪ ও ৫ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।